ভারতের পশ্চিমবঙ্গে কারফিউ জারি এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা
নিউজ ডেস্ক:
ওমিক্রনসহ দৈনিক করোনা শনাক্তের হার বেড়ে যাওয়ায় ভারতের পশ্চিমবঙ্গে নতুন করে কিছু বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
আগামীকাল সোমবার থেকে রাজ্যের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে এবং সরকারি-বেসরকারি অফিসে উপস্থিতি ৫০ শতাংশে সীমাবদ্ধ রাখা হবে।
আজ রোববার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, হরিয়ানা, দিল্লি ও উত্তর প্রদেশের পদাঙ্ক অনুসরণ করে পশ্চিমবঙ্গে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ দেওয়া হয়েছে। এই সময়ে শুধুমাত্র অত্যাবশ্যকীয় ও জরুরি সেবা চালু থাকবে কেননা- পশ্চিমবঙ্গে গতকাল শনিবার নতুন করে ৪ হাজার ৫১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৩ হাজার ৩০০ তে পৌঁছেছে। মহারাষ্ট্র ও কেরালার পরে দেশের তৃতীয় সর্বোচ্চ সক্রিয় করোনা রোগী এখন পশ্চিমবঙ্গেই।

