এবার কী তবে নতুন জুনোটিক রোগের সম্মুখীন হতে চলেছে পৃথিবী?
স্বাস্থ্য ডেস্কঃ প্রথমবারের মতো কোনো মানুষের শরীরে বার্ড ফ্লুর এইচ১০এন৩ স্ট্রেইন শনাক্তের রিপোর্ট হয়েছে,ঘটনাটি ঘটেছে চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ জিয়াংসুতে।
গতকাল মঙ্গলবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) এ তথ্যের সত্যতা জানায়।
আক্রান্ত ব্যক্তির বয়স ৪১ বছর এবং তিনি জিনজিয়াং শহরের বাসিন্দা। গত ২৮ এপ্রিল তিনি জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতাল কতৃপক্ষ ২৮ মে তার শরীরে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এইচ১০এন৩ স্ট্রেইন শনাক্তের বিষয়টি জানায়। তবে কীভাবে তিনি ভাইরাসে আক্রান্ত হন কিংবা অন্য আরো কেও এটিতে সংক্রমিত হয়েছে কীনা সে সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের (এনএইচসি) বিবৃতিতে বলা হয়েছে, আক্রান্তের শারীরিক অবস্থা স্থিতিশীল, তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারবেন। তার সংস্পর্শে আসা অন্যদের চিকিৎসা পর্যবেক্ষণ করা হয়েছে। তবে, আর কারও শরীরে সংক্রমণ শনাক্ত হয়নি।
এইচ১০এন৩ একটি লো প্যাথোজেনিক বা তুলনামূলকভাবে কম মারাত্মক স্ট্রেইন। ভাইরাসের এই স্ট্রেইনটি মূলত পোল্ট্রিতে সংক্রমিত হয়। এটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার ঝুঁকি কম।
খাদ্য ও কৃষি সংস্থার (FAO)ইমার্জেন্সি সেন্টার ফর ট্রান্সবাউন্ডারি অ্যানিমেল ডিজিজের আঞ্চলিক গবেষণাগার সমন্বয়ক ফিলিপ ক্লেস জানান, এই স্ট্রেইনটি একেবারে নতুন নয় , ২০১৮ সাল পর্যন্ত প্রায় ৪০ বছর ধরে ভাইরাসটির মাত্র ১৬০টি সংক্রমণের রিপোর্ট আছে। এশিয়া ও উত্তর আমেরিকার কিছু সীমিত অংশে মূলত বন্য বা জলচর পাখির মধ্যে এটি শনাক্ত হয়েছিল। তবে এখনও পর্যন্ত কোনো মুরগির মধ্যেও এটি শনাক্ত হয়নি।
তিনি আরও জানান, স্ট্রেইনটি পুরোনো ভাইরাসের সঙ্গে সাদৃশ্যপূর্ণ নাকি কোন মিউটেশন ঘটেছে তা জানতে আরোও জিনগত পরীক্ষা নিরিক্ষার প্রয়োজন।
বর্তমানে চীনে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের বিভিন্ন স্ট্রেইন আছে। পোলট্রি খাতে কাজ করেন তাদের মাঝে মধ্যে আক্রান্তের খবর রয়েছে।তবে ২০১৬-২০১৭ সালে এইচ৭এন৯ স্ট্রেইনে প্রায় ৩০০ মানুষ মারা যায়,এরপর মানবদেহে আর কোনো বার্ড ফ্লুর সংক্রমণের ঘটনা বিরল।
এনএইচসি জানিয়েছে, চীনে আক্রান্ত হওয়া ব্যক্তি ছাড়া এখন পর্যন্ত এইচ১০এন৩ তে আর কোনো মানব সংক্রমণের খবর বিশ্বব্যাপী জানা যায়নি।তবে COVID-19 এর এই মহামারীর সময়ে কোন রোগ নিয়েই হেলাফেলা করলে চলবেনা,সবসময় সতর্ক থাকতে হবে।

