সরকারি হাসপাতালে ‘প্রাইভেট চেম্বার’: সর্বোচ্চ ফি ৩০০ টাকা
নিউজ ডেস্ক:
আগামী মাস থেকেই সরকারি হাসপাতালে বৈকালিক ‘প্রাইভেট চেম্বার’ চালু করতে চায় সরকার। এ ব্যবস্থায় চিকিৎসক তাঁর অফিস সময়ের পর নিজ কর্মস্থলে বসে রোগী দেখবেন। রোগীপ্রতি চিকিৎসকের সর্বোচ্চ ফি ৩০০ টাকা এবং সর্বনিম্ন ১৫০ টাকা।
সরকারি হাসপাতালে ‘প্রাইভেট চেম্বার’ চালুর বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত একটি কমিটির খসড়া নীতিমালায় এ প্রস্তাব রাখা হয়েছে।
মন্ত্রণালয় শুরুতে দেশের ৮৩টি সরকারি হাসপাতালে ‘প্রাইভেট চেম্বার’ চালু করতে চায়। আগামী ৩১ আগস্টের মধ্যে দেশের সব সরকারি হাসপাতালে এ সেবা চালুর পরিকল্পনা করছে মন্ত্রণালয়।
খসড়া নীতিমালা অনুযায়ী, জ্যেষ্ঠ চিকিৎসকের ফি হবে ৩০০ টাকা। কনিষ্ঠ চিকিৎসকের ফি ১৫০ টাকা। ফি থেকে জ্যেষ্ঠ চিকিৎসক পাবেন ২০০ টাকা। তাঁর সহায়তাকারী পাবেন ৫০ টাকা। বাকি ৫০ টাকা সরকারি তহবিলে জমা পড়বে। ফি থেকে কনিষ্ঠ চিকিৎসক পাবেন ১০০ টাকা। তাঁর সহায়তাকারী পাবেন ২৫ টাকা। বাকি ২৫ টাকা যাবে সরকারি তহবিলে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র বলছে, প্রাথমিকভাবে উপজেলা পর্যায়ের ৫০টি, জেলা পর্যায়ে ২০টি, বিভাগীয় ৮টি ও বিশেষায়িত ৫টি সরকারি হাসপাতালে প্রাইভেট চেম্বার চালু হবে। উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতাল ঠিক করা হবে রোগীর উপস্থিতির ওপর ভিত্তি করে। যেসব হাসপাতালে রোগী বেশি আসেন, সেখানে এ সেবা চালু করা হবে। আগামী আগস্টের মধ্যে দেশের সব সরকারি হাসপাতালে প্রাইভেট চেম্বার চালুর পরিকল্পনা করছে মন্ত্রণালয়।
প্রাইভেট চেম্বারে কী কী সেবা দেওয়া হবে, তা খসড়া নীতিমালায় উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, কনসালটেশন, ডায়াগনস্টিক, ল্যাবরেটরি, রেডিওলজি, ইমেজিং ও সার্জিক্যাল সেবা দেওয়া হবে।
সূত্র : প্রথম আলো

