ফিলিস্তিনে বঙ্গবন্ধুর নামে সড়ক, শেখ হাসিনার নামে বাড়ি
নিউজ ডেস্কঃ ফিলিস্তিনের পশ্চিম তীরের দক্ষিণাংশে অবস্থিত হেবরন শহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। এছাড়া দেশটির একটি বাড়ির নামকরণ করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে।
ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী নুরি আল মালিকি সম্প্রতি এতথ্য জানিয়েছেন। তিনি জানান, হেবরন শহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে।
এদিকে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান জানিয়েছেন, ফিলিস্তিনিরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসেন। সে কারণে ফিলিস্তিনে শেখ হাসিনার নামে একটি বাড়ির নামকরণ করা হয়েছে।
উল্লেখ্য আল-আকসা মসজিদ এলাকায় ইসরাইলের হামলার ঘটনায় সম্প্রতি উদ্বেগ জানিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে চিঠি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিঠিতে ইসরায়েলি হামলায় নিন্দা জানিয়ে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করেন তিনি।
চিঠিতে শেখ হাসিনা লিখেছেন, আমরা হামলায় হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক এবং আমাদের ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছি।
তিনি বলেন, আমরা দ্ব্যর্থহীন ভাষায় এই কাপুরোষচিত হামলার তীব্র নিন্দা জানাই। আমরা ফিলিস্তিনসহ বিশ্বের যে কোন দেশে এ ধরনের জঘন্যতম হামলার অবসানে আন্তর্জাতিক সম্প্রদায়কে টেকসই পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।

