ত্ব-হাকে আশ্রয় দেওয়া সেই বন্ধু চাকরি হারালেন

toki

নিউজ ডেস্কঃ ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান গাইবান্ধার ত্রিমোহনীতে যেই বন্ধুর বাড়িতে আত্মগোপন করেছিলেন বলে পুলিশ ও বন্ধুর মা দাবি করেছেন, সেই বন্ধু সিয়াম ইবনে শরীফ চাকরি হারিয়েছেন।

ত্ব-হা তার দুই সঙ্গী ও গাড়িচালককে নিয়ে বন্ধু সিয়ামের গ্রামের বাড়ি আট দিন ধরে আত্মগোপনে ছিলেন। এ ঘটনার জের ধরে সিয়ামকে চাকরিচ্যুত করেছে মোবাইল ফোন কোম্পানি অপো। সিয়াম রংপুরে অপোর মানবসম্পদ (এইচআর) বিভাগে কর্মরত ছিলেন।

রোববার (২০ জুন) দুপুরে চাকরি হারানোর বিষয়টি নিশ্চিত করেন সিয়াম ইবনে শরীফ। ত্ব-হা ইস্যুতে শনিবার তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

সিয়াম বলেন, আমার বন্ধু আবু ত্ব-হাসহ চারজন গাইবান্ধায় আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিল, এটা আমাকে জানানো হয়নি। এ কারণে ত্ব-হার নিখোঁজ হবার সংবাদে আমি নিজেও উদ্বিগ্ন ছিলাম। অন্য বন্ধু-বান্ধবদের মত ত্ব-হার সন্ধান ও উদ্ধারের দাবিতে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছিলাম।

তিনি আরও বলেন, পুলিশ ত্ব-হাকে উদ্ধারের পর জানলাম, সে আত্মগোপনে ছিল এবং সেটা নাকি আমাদের বাড়িতেই। আমার মা ত্ব-হাদের সেখানে লুকিয়ে থাকার ব্যাপারে আমাকে একটি বারও কিছু জানায়নি। অথচ এখন অভিযোগ করা হচ্ছে, আমি নাকি তাদের লুকিয়ে রেখে মানববন্ধন করেছি। এটা মিথ্যা অভিযোগ, আমি কিছুই জানতাম না। সত্য তো আল্লাহই জানেন।

কান্না জড়িত কণ্ঠে চাকরি হারানোর বিষয়টি নিশ্চিত করে সিয়াম বলেন, আমার কোনো অপরাধ নেই। ত্ব-হা আমার বাড়িতে আত্মগোপনে থাকা এবং আমি তার (ত্ব-হার) সন্ধান চেয়ে মানববন্ধনে অংশ নিয়েছিলাম বলেই চাকরিটা হারালাম। আল্লাহ বিচার করবেন, আমি সত্যি কিছু জানতাম না।

প্রসঙ্গত, গত ১০ জুন রংপুর থেকে ঢাকায় আসার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ হন। এছাড়াও তার সঙ্গে নিখোঁজ হয়েছেন আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দীন।

নিখোঁজের আট দিন পর শুক্রবার রংপুরে বাড়িতে ফিরেছেন ত্ব-হা। রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ জানান, বিকাল ৩টার দিকে তাকে রংপুর নগরের আবহাওয়া অফিস সংলগ্ন মাস্টার পাড়ার শ্বশুরবাড়ি থেকে থানায় নিয়ে যায় পুলিশ। পরে সেখান থেকে তাকে বিকাল সাড়ে ৩টার দিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

পুলিশ প্রাথমিকভাবে দাবি করে ব্যক্তিগত কারণে ত্ব-হা ও তার সঙ্গীরা আত্মগোপনে ছিলেন। তবে ব্যক্তিগত কারণ সম্পর্কে জানতে চাইলে পুলিশ জানায় এই মুহূর্তে তারা বলতে পারবেন না। সেটা ভেরিফাই করতে হবে। তাদের তথ্য যাচাই-বাছাই করব। আসলে সব ব্যক্তিগত কারণ তো বলা যায় না।

পরে ডিবি পুলিশ জানায়, দাম্পত্য কলহে অতিষ্ঠ হয়ে ত্ব-হা আদনান স্বেচ্ছায় আত্মগোপনে গিয়েছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

  •  
  •  
  •  
  •