তালেবান ইস্যুতে ভিন্ন ভিন্ন বক্তব্য, সমালোচনার মুখে আজহারী
নিউজ ডেস্কঃ আফগানিস্তানে নতুন করে তালেবানের ক্ষমতা দখলের ঘটনা এখন ‘টক অব দ্যা ওয়ার্ল্ড’। বিশ্বের বিভিন্ন দেশ, সংস্থা ও ব্যক্তিরা আফগানিস্তান নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন। এর মধ্যে রয়েছেন নানা ইসলামিক ব্যক্তিত্বও।
তবে তালেবান ইস্যুতে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব মিজানুর রহমান আজহারী। আজহারী বর্তমানে মালয়েশিয়ায় বসবাস করছেন।
তালেবানদের কাবুল দখলের পর গত ১৫ আগস্ট সামাজিকমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন আজহারী। ওই স্ট্যাটাসের পর ফেসবুকে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। তাঁর স্ট্যাটাসটিতে এ পর্যন্ত প্রায় ৯১ হাজার মানুষ রিঅ্যাকশন দিয়েছেন। কমেন্টে পড়েছে প্রায় ৯ হাজার। সেটি শেয়ার হয়েছে প্রায় ৫ হাজার।
মিজানুর রহমান আজহারী তার ফেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস লিখেছেন, “পৃথিবীর যে কোন প্রান্তে আমাদের ভাইদের বিজয় মানে আমাদেরই বিজয়। কারণ— আমরা এক দেহ, এক প্রাণ।
ছাত্রভাইদের স্বাগতম। তাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক। নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হোক।
দেশের শান্তি, শৃঙ্খলা এবং উন্নয়ন অব্যাহত রাখাই হবে এখন তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় দূরদর্শীতা ও বিচক্ষণতার পরিচয় দিতে হবে। আল্লাহ তা’আলা তাদের সহায় হোন।”
এই স্ট্যাটাস লেখার পর তার একটি পুরনো ভিডিও নতুন করে সামনে এসেছে।
কি ছিল মাওলানা মিজানুর রহমান আজহারীর ভিডিওতে?
ফেসবুকে পাওয়া ২৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, মাওলানা মিজানুর রহমান আজহারী বলছেন, “এই আইএস তালেবান এসব আমাদের তৈরি নয়, এগুলো আমেরিকার প্রেসিডেন্টগুলোর তৈরি। বিল ক্লিনটন আবিষ্কার করে গিয়েছেন তালেবান। জর্জ ডাব্লিউ বুশ আবিষ্কার করেছে আল কায়দা। বারাক ওবামা আবিষ্কার করেছে আইএস। এই তালেবান আলকায়দা কত মানুষের এগুলোর নামে কত মাদরাসা ছাত্রের হয়রানি করা হলো।”
দেখা যায়, এই ভিডিওতে অনেকে নেতিবাচক কমেন্টস করলেও অনেকে মিজানুর রহমান আজহারীর পুরো ভিডিওটি দেখার কথা বলছে। তারা বলছে, “পুরো ভিডিও না দেখে কমেন্ট করা ঠিক না৷ কারো কাছে ফুল ওয়াজটা থাকলে লিংক দিলে ভালো হয়”।
এই স্ট্যাটাসের কমেন্টে গিয়ে দেখা যায়, অনেকে তার সমালোচনা করছেন। কেউ কেউ বলছেন, অনেক আগে আপনি একটি মন্তব্য করেছিলেন সেটার কী হবে!
উল্লেখ্য, বর্তমান বাংলাদেশি ইসলামিক বক্তাদের মধ্যে মিজানুর রহমান আজহারী বেশ জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি ১৯৯০ সালের ২৬ জানুয়ারি ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কুমিল্লার মুরাদনগরের পরমতলা গ্রামে বাবা একজন মাদরাসার শিক্ষক। মিজানুর রহমান ঢাকার ডেমরায় অবস্থিত দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা থেকে ২০০৪ সালে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন।
২০০৬ সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ লাভ করেন। ২০০৭ সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মিসর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্রাজুয়েট করার জন্য মিসরে যান। সেখান থেকে ডিপার্টমেন্ট অব তাফসির অ্যান্ড কুরআনিক সায়েন্স থেকে ২০১২ সালে শতকরা ৮০ ভাগ সিজিপিএ নিয়ে অনার্স উত্তীর্ণ হন।
মিসরে পাঁচ বছর শিক্ষাজীবন অতিবাহিত করার পর ২০১৩ সালে মালয়েশিয়া যান। সেখানে গার্ডেন অব নলেজ খ্যাত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট-গ্রাজুয়েশন সম্পন্ন করেন। ওই বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব কোরআন অ্যান্ড সুন্নাহ স্টাডিজ থেকে ২০১৬ সালে পোস্ট-গ্রাজুয়েশন শেষ করেন। মাস্টার্সে তার সিজিপিএ ছিল ৩.৮২ আউট অব ফোর।

