বগুড়ায় ক্রেতাকে মারপিট করায় দোকানির ২০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক:

বৃহস্পতিবার সকালে ক্রেতাকে মারপিটের অভিযোগে বগুড়ার বিআরটিসি শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীরা বিক্ষুব্ধ হয়ে ‘বগুড়া মেশিনারীজ ষ্টোর’ নামে একটি দোকান বন্ধ করে দিয়েছেন। পরে বিআরটিসি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী মালিক সমিতির শাস্তি স্বরূপ ওই দোকানের মালিক সেলিমুর রহমানের ২০ হাজার টাকা জরিমানা করে।

বিআরটিসি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়ামুল হক নিটু জানিয়েছেন, সাধারণ ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে সমিতির গঠনতন্ত্র অনুযায়ী বিআরটিসি শপিং কমপ্লেক্সের সুনাম ক্ষুন্নে অভিযোগে তার বিরুদ্ধে ওই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া মেশিনারীজ ষ্টোর নামে ওই দোকানটিতে পানি উত্তোলনের পাম্প, স্প্রে এবং মেশিনারী টুলস বিক্রি করা হয়। রাজশাহী থেকে আসা এক ক্রেতা বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া মেশিনারীজ ষ্টোরে যান। সেখানে তিনি একটি পানি উত্তোলনের পাম্প কেনার জন্য দাম জিজ্ঞাসা করেন। এরপর তিনি অন্য দোকানে যেতে চাইলে কর্মচারীরা তাকে দাম জিজ্ঞাসা করা পানির পাম্পটি কেনার জন্য চাপ সৃষ্টি করেন এবং বলেন যে, ‘দাম যেহেতু করেছেন সেহেতু জিনিস কিনতেই হবে।’

তখন ওই ক্রেতা ‘দাম করলেই জিনিস কিনতে হবে তার কোন বাধ্যবাধকতা নেই’-এমন কথা বলে বেড়িয়ে আসেন এবং অন্য দোকানে যান। এ সময় বগুড়া মেশিনারীজ ষ্টোরের কর্মচারীরা ওই ক্রেতার পিছু নেয়। এক পর্যায়ে ওই ক্রেতা সকাল পৌণে ১০টার দিকে বিআরটিসি শপিং কমপ্লেক্সের দক্ষিণ গেট অতিক্রম করা মাত্রই পিছু নেওয়া কর্মচারীরা আকস্মিক তাকে এলোপাথারী মারপিট শুরু করে। এ সময় ওই ক্রেতার চিৎকারে বিআরটিসি শপিং কমপ্লেক্সের অন্য দোকানীরা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন।

তবে তারা বগুড়া মেশিনারীজ ষ্টোরের মালিক ও কর্মচারীদের এহেন আচরণে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে তারা একজোট হয়ে অভিযুক্ত ওই দোকানটি বন্ধ করে দেন এবং একজন ক্রেতাকে মারপিট করে বিআরটিসি শপিং কমপ্লেক্সের ভাবমূর্তি ক্ষুন্ন করায় বগুড়া মেশিনারীজ ষ্টোরের মালিক সেলিমুর রহমানের প্রকাশ্যে বিচার দাবি করেন। পরে বিষয়টি পুলিশকেও অবহিত করা হয়।

এ পরিস্থিতিতে অভিযুক্ত দোকান মালিক সেলিমুর রহমানকে বিআরটিসি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী মালিক সমিতির কার্যালয়ে তলব করা হয়। সেখানেই তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

  •  
  •  
  •  
  •