রংপুরে করোনা আক্রান্ত রোগী শনাক্ত, এলাকা লকডাউন

করোনা ডেস্কঃ

রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট খন্দকারপাড়া গ্রামে এক যুবকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তার নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস পজিটিভ বলে প্রতিবেদন দেওয়া হয়েছে।

বুধবার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভুঁইয়া জানিয়েছেন, এ ঘটনার পর খন্দকার পাড়া গ্রামটি লকডাউন করা হয়েছে।

বালারহাট ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস জানান, সাজ্জাদ নারায়ণগঞ্জে আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন। সেখানে কয়েকদিন অবস্থান করে গত ২০ মার্চ নাইট কোচে ঢাকা থেকে বাড়ি আসেন। কয়েকদিন ধরে হঠাৎ করে জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে অসুস্থ হয়ে পড়েন। পরে তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজের পিসিআরে পরীক্ষার জন্য পাঠানো হলে সেখান থেকে করোনাভাইরাস পজিটিভ বলে প্রতিবেদন দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আক্রান্ত যুবক নিজ বাসায় অবস্থান করছে। প্রতিবেদন পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চিকিৎসকদের একটি টিম ঘটনাস্থলে এসে পুরো এলাকা লকডাউন ঘোষণা করে লাল নিশান লাগিয়ে দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এ কে এম নূর-উন-নবী লাইজু জানান, মঙ্গলবার জমা পড়া ৫৬ নমুনা চতুর্থ দফায় সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত পরীক্ষার পর বিকালে আইইডিসিআরএ ফলাফল পাঠানো হয়। এরমধ্যে ৫৫টি নেগেটিভ হলেও একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তিনি একজন ছাত্র। তার বাড়ি রংপুরের মিঠাপুকুরের বালারহাটে।

অন্যদিকে রংপুরের সিভিল সার্জন হেরম্ব কুমার রায় জানান, ওই কলেজছাত্রের শরীরে করোনাভাইরাসের নমুনা শনাক্ত হওয়ায় তার গ্রামের বাড়িসহ আশেপাশের পুরো পাড়া লকডাউন করা হয়েছে। সবাইকে সতর্ক থাকতে নির্দেশনাও দেয়া হয়েছে।

  •  
  •  
  •  
  •