মৃত্যুর মিছিলে আরও ৮৮ জন, শনাক্ত কমেছে
নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৮৮ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৩৯৩ জনে।
এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৩৪১ জনের দেহে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৫৬ হাজার ৯৫৫ জনে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪ হাজার ৭৮২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৭৭ হাজার ১০১ জন।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১৪ হাজার ৮১৩ জন এবং নতুন করে ৮ লাখ ৭০ হাজার ৯৫২ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩১ লাখ ৬৩ হাজার ২৭ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ১ লাখ ৯৭ হাজার ৪৫৫ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ কোটি ৮২ লাখ ৫৫ হাজার ৪৪৬ জন।

