চলতি মাসেই চীনের করোনা টিকা বাংলাদেশে উৎপাদন করবে ইনসেপ্টা
নিউজ ডেস্কঃ ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে চীনের করোনার ভ্যাকসিন সিনোভ্যাক তৈরির অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।
রোববার (১৬ মে) বিকেলে সংবাদমাধ্যমকে এ বিষয়টি জানিয়েছে অধিদপ্তর। চলতি মাসের মধ্যেই করোনার ভ্যাকসিন তৈরি শুরু করবে কোম্পানিটি।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। এ বিষয়ে আগামীকাল সকাল ১১ টায় ঔষধ প্রশাসন বিস্তারিত জানাবে।
এর আগে বুধবার চীনের উপহার হিসাবে পাঠানো সিনোফার্মের টিকা ৫ লাখ টিকা বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় হস্তান্তর করেন।

