রামেক হাসপাতালের করোনা ইউনিটে আজ মৃত্যু ১০
করোনা ডেস্ক:
আজ বুধবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানীর দেওয়া তথ্যমতে, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিন জন কোভিড-১৯ পজিটিভ ছিলেন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ১৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ৬৭ জনকে শনাক্ত করা হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ৫৮২টি নমুনা পরীক্ষা করে ৮৫ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর ১২৯টি নমুনা পরীক্ষা করে ২৪ জন, জয়পুরহাটের ১৯৯টি নমুনা পরীক্ষা করে ২২ জন, নওগাঁর ১৬৩টি নমুনা পরীক্ষা করে ১৫ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৯১টি নমুনা পরীক্ষা করে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ২৮ দশমিক ৮০ শতাংশ, জয়পুরহাটে ১১ দশমিক শূন্য ছয় শতাংশ, নওগাঁয় নয় দশমিক ২০ শতাংশ ও চাঁপাইনবাবগঞ্জে ২৬ দশমিক ৩৭ শতাংশ।
হাসপাতাল সূত্র জানিয়েছে, রামেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ৩৭ জন। এর আগে ৫১৩টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ৩৮০ জন। বর্তমানে মোট ৩৬৩ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

