আগস্ট মাসে করোনা সংক্রমণের হার বেশি, প্রথম সাত দিনেই মৃত্যু ১৭২৬
নিউজ ডেস্কঃ জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে করোনা সংক্রমণের হার বেশি। ১ আগস্ট থেকে ৭ আগস্ট দেশে প্রায় ৯৪ হাজার মানুষ সংক্রমিত হয়েছে। এই সময়ে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আরও এক হাজার ৭২৬ জন।
রোববার (৮ আগস্ট) দুপুরে সারাদেশের করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।
তিনি বলেন, জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে সংক্রণের হার বেশি। আমরা জুলাই মাসে দেখেছি মাসজুড়ে যেখানে তিন লাখ ৩৬ হাজার ২২৬ জনের করোনা শনাক্ত হয়েছে, সেখানে এই মাসে এখন পর্যন্ত (৭ আগস্ট) ৯৩ হাজার ৯১২ জন রোগী শনাক্ত করা সম্ভব হয়েছে।
নাজমুল ইসলাম বলেন, বিগত ৭ দিনে দেশের সংক্রমণ পরিস্থিতি যদি আমরা দেখি তাহলে দেখব যে, ৭ আগস্ট কম সংখ্যক রোগী চিহ্নিত হয়েছে। শতকরা হিসেবে আমরা আগের দিনের তুলনায় শনাক্তের হার খানিকটা কম পেয়েছি, তা হলো ২৫.৬৫ শতাংশ। সপ্তাহের শুরুতে ১ আগস্ট শনাক্তের সংখ্যা ছিল ১৪ হাজার ৮৪৪ জন। শনাক্তের হার ছিল ২৯.৯৫ শতাংশ।
তিনি আরও বলেন, বিগত ৩০ দিনে সংক্রমণের যে চিত্রটি আমরা দেখতে পাই, সেটি প্রায় কাছাকাছি একটি অবস্থাতেই আছে। এই সময়ের মধ্যে খুব বেশি উল্লেখ করার মতো বড় কোনো পরিবর্তন হয়নি। জানুয়ারি মাস থেকে আগস্ট মাস পর্যন্ত সংক্রমণের যে চিত্রটি আছে, সেখানে সবচেয়ে বেশি সংখ্যক জুলাই মাসে চিহ্নিত হয়েছে তিন লাখ ৩৬ হাজার ২২৬ জন এবং আগস্ট মাসে এখন পর্যন্ত (৭ আগস্ট) ৯৩ হাজার ৯১২ জন রোগী শনাক্ত করা সম্ভব হয়েছে।
জেলাভিত্তিক সংক্রমণের চিত্র তুলে ধরে তিনি বলেন, যদি আমরা শনাক্তের সংখ্যা দেখি, ঢাকা জেলাতেই সবচেয়ে বেশি সংখ্যক রোগী চিহ্নিত হয়েছে। ঢাকায় চার লাখ ৫৮ হাজার ৮৯ জন এবং তারপর চট্টগ্রাম জেলার অবস্থান। সেখানে ৮৫ হাজার ৮৮৬ জন রোগী শনাক্ত হয়েছে।
এরপর এই সময়ের মধ্যে তৃতীয় অবস্থানে আছে কুমিল্লা জেলা, সেখানে ৩১ হাজার ৯৫৪ জন রোগী শনাক্ত হয়েছে। আর এই সময়ের মধ্যে ১০ জেলার মধ্যে সবচেয়ে কম সংখ্যক রোগী শনাক্ত হয়েছে রাজশাহীতে, ২০ হাজার ২০৯ জন।

