বুস্টার ডোজেও শেষ রক্ষা হলো না সিঙ্গাপুরে
করোনা ডেস্ক:
সিঙ্গাপুরের দুই বাসিন্দা করোনা প্রতিরোধে বুস্টার ডোজ নিয়েছিলেন। এরপরও তাদের শরীরে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্তের খবর পাওয়া গেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ২৪ বছর বয়সী বিমানবন্দরের এক নারী কর্মীর শরীরে ওমিক্রনের অস্তিত্ব পাওয়া গেছে। এটি সর্বপ্রথম স্থানীয়ভাবে শনাক্তের খবর পাওয়া গেলো। আরেকজন গত ৬ ডিসেম্বর জার্মানি থেকে সিঙ্গাপুরে ফেরেন। তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। তারা দুইজনই করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এই নতুন ধরন উচ্চ সংক্রমণশীল এবং বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ার কারণে সিঙ্গাপুরেও আরও শনাক্ত হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
সিঙ্গাপুরে মোট জনসংখ্যার ৮৭ শতাংশ করোনা টিকার ডোজ সম্পন্ন করেছেন। যাদের বেশিরভাগই ফাইজার অথবা মডার্নার টিকা নিয়েছেন। দেশটির ২৯ শতাংশ মানুষ বুস্টার ডোজ নিয়েছেন। সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, শিগগির পাঁচ থেকে ১১ বছর বয়সীদের টিকা দেওয়ার প্রস্তাব আনা হবে।

