ভারত প্রবেশে নিষেধাজ্ঞা বাংলাদেশি শিক্ষার্থীদের
নিউজ ডেস্ক:
ওমিক্রন সংক্রমণের কারনে ভারতে প্রবেশ করতে দেওয়া হচ্ছেনা বাংলাদেশি শিক্ষার্থীদের। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি মোহাম্মদ রাজু একথা জানান।
তিনি বলেন, ‘করোনার নতুন ‘ভ্যারিয়েন্ট’ ওমিক্রন ঠেকাতে পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ স্টুডেন্ট ভিসায় কাউকে না পাঠাতে মৌখিকভাবে আমাদের জানিয়েছে।
তিনি আরো বলেন, ‘পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে ভারতে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রবেশে এই নিষেধাজ্ঞা দিলেও বাংলাদেশে অধ্যায়নরত ভারতীয়দের যাতায়াতে কোনো প্রতিবন্ধকতা নেই।
ওসি মোহম্মদ রাজু বলেন, ‘কোনো শিক্ষার্থীর ‘এক্সাম’ থাকলে তাদের বিষয়টি ওরা বিবেচনা করবেন বলেছেন। তবে তার ‘এক্সাম’ সংক্রান্ত কাগজপত্রাদি অবশ্যই থাকতে হবে।
এ পর্যন্ত বিশ্বে প্রায় ২৪টি দেশে অমিক্রন শনাক্ত হয়েছে। চলতি সপ্তাহেই নতুন এই ধরন শনাক্ত হয়েছে আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভারতে।
ভারতীয় পত্রিকায় বলা হয়েছে, মহারাষ্ট্র এবং দিল্লিতে ওমিক্রন শনাক্তের সংখ্যা ৫৪। এছাড়া, তেলেঙ্গানায় ২০, কর্ণাটকে ১৯, রাজস্থান ১৮, কেরালায় ১৫, গুজরাটে ১৪ জনের ওমিক্রন শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রসঙ্গত দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মত শনাক্ত করোনাভাইরাসের এই নতুন ধরন ইতোমধ্যে পুরো বিশ্বেই আতঙ্ক ছড়াচ্ছে। অনেক দেশ সীমান্ত বন্ধ করার পাশাপাশি ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক করেছে।

