বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ মিছিল
নিউজ ডেস্ক:
বকেয়া বেতনের দাবিতে ঘণ্টাব্যাপী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে একটি কারখানার শ্রমিকরা।এতে করে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল নয়টা থেকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এএসআর গ্রুপের শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে এই অবরোধ ও বিক্ষোভ মিছিল করে।
কারখানার শ্রমিকরা জানান, এএসআর গ্রুপের গোল্ডেন সোয়েটার কারখানায় কর্মকর্তাসহ শ্রমিকদের গত তিন মাসের বেতন বকেয়া রয়েছে।
কারখানা কর্তৃপক্ষ একাধিকবার তারিখ দিয়েও বেতন পরিশোধ করেনি। এ দিকে তিনমাসের বেতন না পেয়ে আমাদের মানবতার জীবনযাপন করতে হচ্ছে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহার জানান, বেতন ভাতার দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, বেতনের দাবিতে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখে কারখানার শ্রমিকরা।
শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। শ্রমিকদের বেতনের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

