নতুন কমিটির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শোডাউন
রাবি প্রতিনিধি:
নতুন কমিটির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শোডাউন করেছে রাবি শাখা ছাত্রলীগের একাংশ। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরের দিকে বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে এ শোডাউন করা হয়। শোডাউনটি বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছাত্রলীগের দলীয় ট্রেন্ডে শেষ হয়।
নতুন কমিটির বিষয়ে একাত্মতা জানিয়ে বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু বলেন, ‘দীর্ঘদিন ধরে কমিটি না থাকায় নতুন কমিটির দাবিতে আমরা ক্যাম্পাসে শোডাউন করেছি। যেহেতু করোনার কারণে দীর্ঘ দুইবছরের মত ক্যাম্পাস বন্ধ ছিল, সেই জায়গা থেকে নতুন নেতৃত্ব আসুক এটাই আমাদের চাওয়া।’
নতুন কমিটি হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বর্তমান কমিটির প্রেসিডেন্ট ও সেক্রেটারি কমিটি দেওয়ার ব্যাপারে আন্তরিক আছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটি দিতে সম্মত হয়েছে। কমিটি হয়তো দ্রুতই হবে। তবে নির্দিষ্ট কোন তারিখে এখনো তা জানাইনি কেন্দ্রীয় ছাত্রলীগ। করোনার সময় না থাকলে এতদিন হয়তো কমিটি হয়েই যেতো।’
এর আগে, গত ২৬ ডিসেম্বর ও ২৮ ডিসেম্বর নতুন কমিটির দাবিতে মৌন মিছিল করে ছাত্রলীগের পদপ্রত্যাশী নেতাকর্মীরা।

