ড্রেন সংস্কার কাজের জন্য হেলে পড়ল ভবন; বাঁশ দিয়ে ঠেকানোর চেষ্টা

নিউজ ডেস্ক: খুলনা সিটি করপোরেশনের ড্রেন সংস্কার কাজের খোঁড়াখুঁড়িতে পঞ্চাশ বছরের পুরনো একটি তিনতলা ভবন হেলে পড়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাগমাড়া চেয়ারম্যান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, খুলনা সিটি করপোরেশনের ২৭ নং ওয়ার্ডে রাস্তার পাশে ড্রেন নির্মাণ ও সংস্কারের কাজ চলছে। এ কাজে মাটি খোঁড়ায় মঙ্গলবার সন্ধ্যায় বাগমারা রোডে মরহুম মোহাম্মদ মহিউদ্দিন এর ৫২ নম্বর তিনতলা ভবনটি রাস্তার দিকে কিছুটা হেলে পড়ে। নির্মাণ শ্রমিক ও বাড়ির মালিকপক্ষ বাঁশ দিয়ে ভবনটি ঠেকিয়ে রাখার চেষ্টা করে। অবস্থা বেগতিক দেখে এর পরপর শ্রমিকরা পালিয়ে যায়। বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হলে তারা বাসিন্দাদের ভবনটি ত্যাগ করার পরামর্শ দেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এলাকাবাসী জানায়, প্রায় ১৫ দিন আগে ড্রেনটি সংস্কারের জন্য কাটা হয়। মঙ্গলবার ড্রেনের গভীরতা আরও বাড়ানোর জন্য কাজ করছিলো সিটি করপোরেশনের কর্মীরা। সন্ধ্যার দিকে হঠাৎ করে ভবনের নীচ থেকে মাটি সরে আসতে থাকে। কিছুক্ষণ পর ড্রেনের গা ঘেঁষে ভবনের দেয়াল প্রায় তিন ফুট ভেঙে পড়ে যায়। এলাকাবাসী দেখতে পেয়ে ভবনটিকে প্রথমে বাঁশ দিয়ে ঠেকানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

সন্ধ্যায় ফায়ার সার্ভিস এসে প্রশাসনের সহায়তায় ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে দেয়। পাশের ভবন নিয়েও কিছুটা শঙ্কিত তারা। ড্রেনের গর্ত করার জন্যই এ দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করছে ফায়ার সার্ভিসও।

ফায়ার সার্ভিসের খুলনা বিভাগের উপ পরিচালক বাবুল চক্রবর্তী বলেন, ড্রেন খোঁড়াখুঁড়ির জন্যই মূলত এই দুর্ঘটনা ঘটেছে। ড্রেনের পাশে ভবনের নীচ থেকে মাটি সরে যাওয়ার ফলে ভবনটি হেলে পড়ে।

এদিকে বাড়িটি আপাতত রক্ষার জন্য ড্রেনের অংশে ও বাড়ির ভেঙে যাওয়া অংশে বালু ফেলা হয়েছে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে। ড্রেন নির্মাণ করা খুলনা সিটি কর্পোরেশনের কর্মকর্তা বলছেন, বাড়িটি নির্মাণে মানা হয়নি কেডিএর নিয়ম। তবে বাড়িটি রক্ষার জন্য চেষ্টা চালাচ্ছেন তারা।

  •  
  •  
  •  
  •