২ হাজার কোটি টাকা পাচারের মামলায় সাবেক মন্ত্রীর ভাই গ্রেফতার

নিউজ ডেস্ক:

ফরিদপুরের আলোচিত দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় চার্জশিটভুক্ত আসামি ও সাবেক এলজিইআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ছোটভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ মার্চ) ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুরের কোতোয়ালী থানায় এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জেলা পুলিশ।

এর আগে ২০২১ সালের ৩ মার্চ দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ভাই মোহতেশাম হোসেন বাবরসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

ঢাকা মহানগর হাকিম আদালতের সংশ্লিষ্ট শাখায় এ অভিযোগপত্র দাখিল করেন সিআইডির সহকারী পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস।

এ মামলার অন্য আসামিরা হলেন- সাবেক মন্ত্রীর এপিএস এএইচএম ফুয়াদ, খন্দকার নাজমুল ইসলাম লেভী, আশিকুর রহমান ফারহান, ফাহাদ বিন ওয়াজেদ ওরফে ফাহিম, কামরুল হাসান ডেভিড, মোহাম্মদ আলী দিদার ও তারিকুল ইসলাম নাসিম।

বাবর সবশেষ ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। একসময় সদর উপজেলার চেয়ারম্যানের দায়িত্বেও ছিলেন তিনি।

  •  
  •  
  •  
  •