ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৩
নিউজ ডেস্ক:
ময়মনসিংহের ভালুকায় মাটি বোঝাই ট্রাকের চাপায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের ধলিয়া রাংচাপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভালুকা উপজেলার পরুরা এলাকার আব্দুল মতিন (৫০) ও একই এলাকার হোসেন আলী (৪৫)। তবে আরেকজনের নাম-পরিচয় জানা যায়নি।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, দুপুরে ধলিয়া রাংচাপাড়ায় সিএনজি চালিত অটোরিকশা দাঁড়িয়ে ছিল। এ সময় গফরগাঁও থেকে ভালুকাগামী মাটিবোঝাই ট্রাকটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই চালকসহ দুজন মারা যান। গুরুতর আহত হন আরও চারজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আরও একজনের মৃত্যু হয়।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান বলেন, হাসপাতালে দুজনকে আনার পর এক যুবক মারা গেছেন। তার বয়স ১৯ থেকে ২০ বছর হবে।

