বাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৬৬তম

নিউজ ডেস্ক:
বাসযোগ্যতার বিচারে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) করা ১৭২ শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান এবার ১৬৬তম।

মহামারির ধাক্কা সামলে উন্নত দেশগুলোর অনেক শহর স্বাভাবিকতায় ফেরার পাশাপাশি বাসযোগ্যতার তালিকায় হারানো অবস্থান ফিরে পেয়েছে। তবে এক বছরে ঢাকার উন্নতি হয়েছে সামন্যই।

গত বছর ১৪০টি শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল ১৩৭তম; অর্থাৎ তালিকার নিচের দিক থেকে চার নম্বরে, এবার সেখান থেকে সাত নম্বরে উঠে এসেছে এ শহর।

কোন শহর কতটা বাসযোগ্য তা বোঝার জন্য স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো- এই পাঁচ মানদণ্ডে বিচার করে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। ১০০ ভিত্তিক সূচকে ঢাকার স্কোর এবার ৩৯ দশমিক ২। গত বছর স্কোর ছিল ৩৩ দশমিক ৫।

গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, ৯৯ দশিক ১ স্কোর নিয়ে সবচেয়ে বাসযোগ্য শহরের তকমা ফিরে পেয়েছে অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। এর আগে ২০১৮ এবং ২০১৯ সালের তালিকাতেও ভিয়েনা ছিল শীর্ষে। কিন্তু কোভিড মহামারির শুরুতে লকডাউনের সময় অস্ট্রিয়ার এ শহর চলে যায় ১২ নম্বরে।

গত বছর এ তালিকায় শীর্ষ স্থানটি দখলে নিয়েছিল নিউ জিল্যান্ডের অকল্যান্ড। তখন অকল্যান্ডে কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে ছিল। এবার সেখানে সংক্রমণ বাড়ায় বিধিনিষেধ বেড়েছে, তাতে অকল্যান্ডে এক ধাক্কায় নেমে গেছে ৩৪ নম্বরে।

গতবার বাংলাদেশের স্কোর সবচেয়ে কম ছিল স্বাস্থ্যখাতে, এবার তা সামান্য বেড়ে ২৯ দশমিক ২ হয়েছে, যা দামেস্ক, আলজিয়ার্স আর ত্রিপোলির সমান। অবশ্য ক্যামেরুনের দুয়ালা, জিম্বাবুয়েরে হারারে আর নাইজেরিয়ার লাগোসের স্বাস্থ্য আরও খারাপ।

সংস্কৃতি ও পরিবেশের বিচারে ঢাকাকে ৪০.৫, স্থিতিশীলতায় ৫৫ এবং শিক্ষায় ৪১.৭ স্কোর দিয়েছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট।

  •  
  •  
  •  
  •