প্রতিটি স্কুলে গিয়ে টিকা দেয়া হবে; স্বাস্থ্যমন্ত্রী
নিউজ ডেস্ক: করোনার টিকা পাওয়ার সুবিধায় এবার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিশ্ব অ্যান্টিবায়োটিক সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে ঔষধ প্রশাসন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই তথ্য জানিয়ে বলেন, খুব শিগগিরই তা বাস্তবায়ন শুরু হবে।
করোনাভাইরাস মহামারী ঠেকানো লড়াইয়ে প্রাপ্তবয়স্কদের টিকাদান শুরুর আট মাস পর গত অক্টোবরে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়।
তবে স্কুলে স্কুলে না গিয়ে একটা কেন্দ্রে আশপাশের অন্তত পাঁচটি স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছিল। এতে শিক্ষার্থীদের টিকাদানে সমস্যা হচ্ছিল।
জাহিদ মালেক বলেন, এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেসব স্কুলে করোনাভাইরাসের টিকাদান কেন্দ্র নাই, আমরা কেন্দ্র করতে পারি নাই, ওই স্কুলে আমাদের টিম চলে যাবে, সেখানে টিকা দেবে। এখন যে কেন্দ্রগুলোয় টিকা দেওয়া হচ্ছে, তাও চলবে বলে জানান তিনি।
স্কুলের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে, সেটাই দেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

