রাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আসাদুজ্জামান রিফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেয়া উচ্চ আদালতের দেওয়া সাত বছরের কারাদন্ড কার্যকরের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় টেন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে রাবি শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য দেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু।

তিনি বলেন, আর কেউ যেনো দেশের অর্থপাচার করার সাহস না পায় এজন্য দ্রুত তারেক রহমানের শাস্তি কার্যকর করতে হবে। শুলশান ও শোলাকিয়ায় হামলার জঙ্গিদের মদদদাতা তারেক রহমান উল্লেখ করে রাঞ্জু বলেন, তিনি বিদেশে বসে মোসাদের সঙ্গে পরিকল্পনা করে দেশে জঙ্গি কার্যক্রম চালাচ্ছে।

তিনি আরো বলেন, রোববার ছাত্রদল ঘোষিত ধর্মঘট প্রতিহত করতে ক্যাম্পাসের প্রতিটি স্থানে অবস্থান করবে ছাত্রলীগের নেতাকর্মীরা। জঙ্গিবাদ কার্যক্রম প্রতিরোধে ক্যাম্পাসে জঙ্গিবাদ নিরোসন কমিটি গঠন করা হবে। এসময় ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোটে অর্থ পাচারের মামলায় নিম্ন আদালতের খালাসের রায় বাতিল করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাত বছর কারাদন্ড প্রদান ও ২০ কোটি জরিমানা করে হাইকোর্ট। একই সঙ্গে তারেকের বন্ধু ও বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাত বছরের কারাদন্ডও বহাল রাখে। তবে তাকে বিচারিক আদালতের দেয়া ৪০ কোটি টাকার অর্থদন্ড কমিয়ে ২০ কোটি টাকা করা হয়েছে।

  •  
  •  
  •  
  •