আন্তর্জাতিক ফুটবলকে শোয়েনস্টাইগারের বিদায়

ক্রীড়া ডেস্ক:
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জার্মানির বিশ্বকাপজয়ী খেলোয়াড় বাস্তিয়ান শোয়েনস্টাইগার।

জার্মানির জার্সিতে ১২০ ম্যাচ খেলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন শোয়েনস্টাইগার। তবে ক্লাবের হয়ে খেলে যাবেন ৩১ বছর বয়সি এই মিডফিল্ডার।

২০০৪ সালে জাতীয় দলে অভিষেক হয়েছিল শোয়েনস্টাইগারের। ২০১৪ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে জিতেছেন শিরোপা। ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে তৃতীয় হওয়া দলেও ছিলেন এই মিডফিল্ডার। ২০০৮ ইউরো ফাইনালে উঠলেও শিরোপা জেতা হয়নি। ফ্রান্সে অনুষ্ঠিত এবারের ইউরোতে জার্মানি বিদায় নেয় সেমিফাইনালে স্বাগতিকদের কাছে হেরে।

অবসরের ঘোষণা দিয়ে শোয়েনস্টাইগার বলেছেন, ‘আমি লোকে (কোচ জোয়াকিম লো) বলেছি আমাকে যেন জাতীয় দলের জন্য আর বিবেচনা করা না হয়। দেশের হয়ে ১২০টি ম্যাচ খেলেছি। অনেক অবিশ্বাস্য ও দুর্দান্ত অভিজ্ঞতার সাক্ষী হয়েছি।’

তিনি আরো বলেন, ‘লো জানতেন এবারের ইউরো আমার কাছে কতটা প্রার্থিত ছিল। সেই ১৯৯৬ সাল থেকে তো এটা জেতা হয়নি আমাদের। কিন্তু সেটা এবারও হলো না। এই বাস্তবতা মেনে নিতে হবে। ২০১৮ বিশ্বকাপের জন্য আমি দলকে শুভকামনা জানাচ্ছি।’

  •  
  •  
  •  
  •  

Tags: