সময় মতই হবে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ
খেলাধুলা ডেস্ক:
ঘরের মাঠে প্রতিটা সিরিজের আগেই আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়। ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে তেমনই এক সভা অনুষ্ঠিত হয়েছে রোববার। যদিও এই বৈঠকে নেয়া সিদ্ধান্ত সম্পর্কে তেমন বিশেষ কিছু জানানো হয়নি। বলা হয়েছে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ সঠিক পথেই আছে।
গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর ইংল্যান্ডের বাংল্যাদেশ সফর অনিশ্চয়তায় পড়ে গেলেও বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি এগিয়ে চলেছে। সঠিক পথেই আছে সিরিজটি।
আন্ত মন্ত্রণালয়ের বৈঠক সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রত্যেকটি আন্তর্জাতিক সিরিজ শুরু হওয়ার আগে মন্ত্রণালয়ে সভা হয়। ইংল্যান্ডের বাংলাদেশে যে সিরিজ আছে তার প্রস্তুতি এগিয়ে চলছে। নিয়মিত কার্যক্রম হিসেবেই আজ আন্তঃমন্ত্রণালয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট বিভাগগুলো সবাই উপস্থিত ছিলেন। সেখানে আলোচনা হয়েছে কিভাবে সিরিজটি আমরা সফলভাবে আয়োজন করতে পারি।’
সিরিজটি রুটিন মতো থাকলেও ইংল্যান্ড যে আসছে এখনো তেমন সবুজ সংকেত আসেনি। তবে সবকিছু ইতিবাচক আছে বলে জানান বিসিবির প্রধান নির্বাহী, ‘যখন একটা ট্যূরের সিডিউল নিশ্চিত হয়। তখন দুই দেশের বোর্ডের সম্মতিতেই হয়। সেভাবেই এখন পর্যন্ত আছে। আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে যে কার্যক্রমগুলো হয় সেভাবেই কার্যক্রমগুলো এগিয়ে যাচ্ছে। সবকিছুই রুটিন মাফিক হচ্ছে।’
সবকিছু ইতিবাচক থাকলেও ইংল্যান্ড তাদের একটি নিরাপত্তা পর্যিবেক্ষক দল বাংলাদেশে পাঠাবে। তাদের দেয়া রিপোর্টের ওপরই সবকিছু নির্ভর করবে। নিজামউদ্দিন চৌধুরী বলছেন, ‘তাদের একটা প্রতিনিধি দল খুব শিগগিরই বাংলাদেশে সফর করবে। যেহেতু ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ এবং ভারতে ব্যাক টু ব্যাক সিরিজ খেলছে। এই একই প্রতিনিধি দল প্রথমে ভারতে এবং পরবর্তীতে বাংলাদেশে সফর করবে। আমরা আশা করছি এ ম্যাসের মাঝামাঝি তারা চলে আসবে। এরপর তাদের বোর্ডকে রিপোর্ট দেবে।’
জানিয়ে রাখা ভাল, সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় পা রাখছে ইংল্যান্ড ক্রিকেট দল। সিরিজে তিনটা ওয়ানডে আর দু’টি টেস্ট খেলবে দু’দল।
সম্প্রতি গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্ট ও শোলাকিয়ায় জঙ্গী হামলার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে। তাই, বাংলাদেশের মাটিতে ইংল্যান্ডের সিরিজ খেলতে আসা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

