শিকল ছিড়ে আবারও বেপরোয়া সে

জামালপুর প্রতিনিধি:
জেলার সরিষাবাড়ী থেকে উদ্ধার করা ভারতীয় হাতি ‘বঙ্গ বাহাদুর’ শিকল ছিঁড়ে আবার বেপরোয়া তান্ডব চালাচ্ছে। হাতিটিকে বশে আনতে নানামূখি তৎপরাতা চালাচ্ছে বন বিভাগ।

‘বঙ্গ বাহাদুর’-কে বশে আনতে সিলেট থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হাতি আনা হচ্ছে বলে জানিয়েছেন বন কর্মকর্তারা।

এদিকে, হাতিটি আবার মুক্ত হয়ে বেপরোয়া হওয়ায় নতুন করে এলাকায় আতংক সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানায়, শনিবার সকালে কামরাবাদ ইউনিয়নের কয়ড়া গ্রামে হাতিটির সামনের পায়ের শিকল ছিঁড়ে এলাকায় তাণ্ডব চালাতে শুরু করে। পরে হাতিটি ওই এলাকার একটি জলাশয়ে অবস্থান নেয়।

বন বিভাগের উপ-বন সংরক্ষক ড. তপন কুমার দে এবষিয়ে জানান, আতংকগ্রস্ত হয়ে হাতিটি শিকল ছিড়ে পালিয়ে জলাশয়ে আশ্রয় নেয়। তাকে বশে আনতে সিলেট থেকে প্রশিক্ষণপ্রাপ্ত আরও হাতি আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওই হাতিগুলো দিয়ে বশে আনতে পারলে তাকে সহজেই স্থানান্তর করা যাবে।

এর আগে বৃহস্পতিবার বিকালে চেতনানাশক দিয়ে হাতিটিকে ধরা হয়। রাতেই তার চেতনা ফিরে আসে।

  •  
  •  
  •  
  •