নিউ ইয়র্কে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে একটি মসজিদের ইমামসহ দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে এক দুর্বৃত্ত। তাদের একজন স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন, অপরজন তারই বন্ধু ছিলেন বলে জানা গেছে। শনিবার জোহরের নামায শেষে হেঁটে বাড়িতে ফিরছিলেন তাঁরা। এ ঘটনায় বিক্ষোভ করেছে নিউ ইয়র্কে বসবাসকারী বাংলাদেশিরা।
নিহত ইমাম, ৫৫ বছর বয়সী মাওলানা আলাউদ্দিন আকঞ্জি দুই বছর আগে বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যান। স্থানীয় একটি মসজিদেইমামতি করতেন তিনি।

স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, তারা মিয়া নামের ৬৪ বছর বয়সী নিহত অপর বাংলাদেশিও ওই মসজিদে তার সহকারি ছিলেন। আলাউদ্দিন আখনজি ওজোন পার্ক এলাকার আল ফোরকান জামে মসজিদের ইমাম ছিলেন।তিনি তিন সন্তানের বাবা।

শনিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে অজ্ঞাত এক সন্ত্রাসী পেছন থেকে তাদের মাথায় গুলি করে। বেশ কাছ থেকে গুলি করা হয়। প্রত্যক্ষদর্শীরা এক ব্যক্তিকে বন্দুক হাতে সেই স্থান থেকে পালিয়ে যেতে দেখেছে বলেও জানা গেছে। ইমাম আকঞ্জি ঘটনাস্থলে নিহত হন, অপরজন হাসপাতালে নেওয়ার ৪ ঘণ্টা পর তিনিও মৃত্যুবরণ করেন।

নিউ ইয়র্ক পুলিশের ডেপুটি ইন্সপেক্টর হেনরি সাউটনার সাংবাদিকদের জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। তবে তারা ঘটনাটিকে ‘বিদ্বেষপূর্ণ অপরাধ’ (হেইট ক্রাইম) হিসেবে বিবেচনা করছেন।

হত্যাকাণ্ডের পেছনে ডাকাতির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। কারণ, নিহত দুজনের পকেটে নগদ কয়েক শ’ ডলার পাওয়া গেছে।
উল্লেখ্য যে, ইমাম মাওলানা আলাউদ্দিন আকঞ্জি বাড়ী সিলেটের হবিগঞ্জে আর অপরজন মুহাম্মাদ তারা মিয়ার বাড়ী সিলেটের গোলাপগঞ্জের জাঙ্গাহাটা।

হত্যাকাণ্ডের সুষ্ঠ বিচারের জন্য বাংলাদেশি কমিউনিটির উদ্দ্যোগে তাৎক্ষণিক একটি বিরাট প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।তাতে প্রায় হাজার খানেক প্রবাসী বাংলাদেশিসহ আমেরিকার মূলধারার অনেক রাজনীতিবিদ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুলিশ এই হত্যাকাণ্ডের কোন কারণ সম্পর্কে কিছু জানতে পারেনি। যদিও স্থানীয় মুসলিমরা ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন এবং ধর্মীয় ঘৃণা থেকেই এই হত্যাকাণ্ড বলে তারা দাবি করেছেন। মিল্লাত উদ্দিন নামের একজন বলছেন, এ ঘটনার পর নিজেকে তার অনিরাপদ বলে মনে হচ্ছে। এটি তাদের চলাচলের জন্য হুমকি তৈরি করছে বলেও তিনি মনে করেন।

তবে পুলিশ বলছে, ধর্মবিশ্বাসের কারণে এই হামলা হয়েছে, এমন কোন তথ্য তাদের কাছে নেই। পুলিশ এ জন্য এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

  •  
  •  
  •  
  •