উসাইন বোল্টের ঐতিহাসিক ‘ট্রিপল ট্রিপল’ জয়

খেলাধুলা ডেস্ক:

শতভাগ সাফল্য নিয়েই রিও অলিম্পিকের সমাপ্তি টানলেন উসাইন বোল্ট। শনিবার বাকী থাকা ৪x১০০ মিটার রিলেতেও জ্যামাইকাকে স্বর্ণপদক উপহার দিয়েছেন তিনি। সেইসঙ্গে পৃথিবীর ইতিহাসের প্রথম অ্যাথলেট হিসেবে অলিম্পিকে ‘ট্রিপল ট্রিপল’ স্বর্ণজয়ের বিস্ময়কর কীর্তি গড়েন উসাইন বোল্ট।
রিওর অলিম্পিক পার্ক স্টেডিয়ামে এদিন ৩৭.২৭ সেকেন্ডে ফিনিশিং লাইন স্পর্শ করে স্বর্ণপদক জিতেন ব্ল্যাক-বোল্টরা। যেখানে ৩৭.৬০ সেকেন্ডে দৌঁড় শেষ করে রৌপ্য জিতে জাপান এবং ৩৭.৬৪ সেকেন্ড টাইমিংয়ে দৌড় শেষ করে ব্রোঞ্জ জিতে কানাডার অ্যাথলেটরা।

বিস্ফোরণের শুরুটা ২০০৮ সালে। বেইজিং অলিম্পিক দিয়ে। ১০০, ২০০ মিটার জয়ের পর ৪গুনিতক ১০০ মিটার রিলেতেও স্বর্ণজয়ের স্বাদ পান তিনি। চার বছর আগে লন্ডনেও নিজের প্রিয় তিন ইভেন্টের সবকটিতেই স্বর্ণপদক ধরে রাখেন বজ্রবিদ্যুৎ! সেই অলিম্পিকের পর নিজেই নিজেকে কিংবদন্তি বলে ঘোষণা দেন জ্যামাইকান স্প্রিন্টার।
চলতি বছরের ফেব্রুয়ারীতে ঘোষণা দেন ২০১৭ সালে বিশ্বচ্যাম্পিয়নশিপের পরই অবসর নিবেন তিনি। তাই রিও হবে তার ক্যারিয়ারের শেষ অলিম্পিক। শেষটাও রাঙিয়ে নিলেন দারুণভাবে। বেইজিং, লন্ডনের পর রিওতে যখন ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নামেন বোল্ট তখন তার বয়স ২৯। অনেকেই সংশয়ের মধ্যে পড়ে যান তার পারফরম্যান্স নিয়ে। বিশেষ করে চোঁট আর প্রতিপক্ষ জাস্টিন গ্যাটলিন বেশ ভালোভাবেই হুমকি দিয়ে দেন ইতিহাসের দ্রুততম মানবকে।

কিন্তু ভেন্যু, সময় কিংবা প্রতিপক্ষ বদলে গেলেও নিজেকে অপরিবর্তিত রাখেন বোল্ট। ১০০, ২০০ মিটারের পর ৪x১০০ মিটারের স্বর্ণটাও নিজেদের করে রাখেন তিনি। সেইসঙ্গে অলিম্পিকের ইতিহাসের প্রথম দৌঁড়বিদ হিসেবে ঐতিহাসিক ‘ট্রিপল ট্রিপল’ জয়ের কীর্তি গড়েন মাত্র একদিন পরই ত্রিশতম জন্মদিন পালন করতে যাওয়া এই জ্যামাইকান কিংবদন্তি।
শুধু তাই নয়, অ্যাথলেটিকসের ইতিহাসে রেকর্ড ৯ সোনা জেতা কার্ল লুইস ও ফিন পাবো নুরমিকের রেকর্ডেও ভাগ বসালেন বোল্ট। বেইজিং ও লন্ডনের পর অলিম্পিক ইতিহাসের মাত্র দ্বিতীয় দৌড়বিদ হিসেবে টানা তিনটি ১০০ মিটার রিলে জেতার কীর্তিটাও এখন তার দখলে।

এর আগে এই ইভেন্টে তিনবার স্বর্ণপদক জয়ের রেকর্ড গড়েছিলেন যুক্তরাষ্ট্রের ফ্র্যাঙ্ক ওয়াইকফ।
এবার নিয়ম ভঙ্গ করায় বাদ পড়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় হয়ে রৌপ্য জিতে রীতিমতো চমকে দিয়েছে জাপান। ৩৭.৬০ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতে তারা। ৩৭.৬৪ সেকেন্ড টাইমিংয়ে ব্রোঞ্জ জিতল কানাডা।

  •  
  •  
  •  
  •  

Tags: