জাবির চার ছাত্রলীগ নেতা বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৪ কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার বিকেলে শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত ছাত্রলীগ কর্মীরা হলেন— বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৪২তম ব্যাচের শাহরুখ শাহরিয়ার সৌমিক (লোক-প্রশাসন), হাবিবুল্লাহ হাবিব (লোকপ্রশাসন বিভাগ), নাজিমুল বরুণ (অর্থনীতি) ও ৪৩তম ব্যাচের সৈকত মুহাম্মদ আব্দুল্লাহ (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং)।

জানা যায়, গত বুধবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে মারধরের সংবাদ সংগ্রহ ও ছবি তুলতে গেলে দৈনিক মানবজমিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাসান আল মাহমুদকে লোহার রড দিয়ে মারতে উদ্যত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ কর্মীরা। এ সময় ঘটনাস্থলে গেলে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি বেলাল হোসাইন রাহাত ও সহ-সভাপতি সানাউল্লাহ মাহীর সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেন তারা।

এ ঘটনার পরদিন বৃহস্পতিবার সকালে শাখা ছাত্রলীগের সকল ইতিবাচক সংবাদ ও অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকরা। পরবর্তীতে শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল অভিযুক্তদের বহিষ্কারের ঘোষণা দিলে বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেন।

  •  
  •  
  •  
  •