শহীদ মিনারে জবি শিক্ষার্থীদের সংহতি সমাবেশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
হলের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সংহতি সমাবেশ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি হল আন্দোলনে সংহতি জানাতে সমাবেশে উপস্থিত হয়েছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আপামর জনসাধারণ। একইদিন সন্ধ্যায় তারা শাহবাগে মশাল মিছিল করবেন।
শুক্রবার বিকেল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে সংহতি জানাতে উপস্থিত হয় জবির শিক্ষার্থীরা। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযক্তি বিশ্ববিদ্যালয়সহ এখন পর্যন্ত এই আন্দোলনে সংহতি জানাতে সমাবেশে উপস্থিত হয়ে একাত্মতা জানিয়েছে দেশের ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল। এছাড়াও সমাবেশের একাত্মতা জানিয়েছে বেশকিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়।
শহীদ মিনারে জবি শিক্ষার্থীদের সংহতি সমাবেশ
সমাবেশ শেষে সন্ধ্যা ৬টায় মশাল মিছিল করবেন শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, সমাবেশ থেকে আগামী রবিবারের আন্দোলন কর্মসূচির ঘোষণা দেয়া হবে। এরপর আগামীকাল শনিবার আন্দোলনের সমর্থক সারাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করবেন।
হলের দাবিতে আগস্টের প্রথম থেকে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। দাবি সম্বলিত স্মারকলিপি নিয়ে গত সোমবার সকালে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যেতে চাইলে পুলিশ বংশাল এলাকায় তাদের বাঁধা দেয় এবং লাঠিচার্জ করে। এরপর দুপুরে শিক্ষার্থীরা ২৩ ও ২৪ আগস্ট ধর্মঘট কর্মসূচি ডাকেন। তবে দুই দিনের ওই কর্মসূচিতে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

