ভাঙচুরের পর পাবিপ্রবি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
পাবনা সংবাদদাতা:
সারারাত বিদ্যুৎ না পেয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ ও ভাঙচুরের পর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে শনিবার বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাউন্সিলের জরুরি সভায় আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আল নকীব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের এবং ঘটনা তদন্তে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ঝড়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায। তারপর থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় বিদ্যুৎ ছিল না। শুক্রবার রাতেও বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে সব আবাসিক হলের ছাত্ররা একযোগে বেরিয়ে আসে। তারা সারারাত ক্যাম্পাসে বিক্ষোভ করে এবং প্রশাসনিক ভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এক পর্যায়ে তারা বিশ্ববিদ্যালয়ের তিনটি বাসে আগুন দেয়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার সকালে প্রশাসনিক কাউন্সিলের জরুরি সভায় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে ছাত্রছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেয়।

