বাকৃবিতে চাঁদাবাজ সাংবাদিক আটক
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে আবু বক্কর সিদ্দীক (৩০) নামের এক সাংবাদিককে আটক করা হয়েছে। তিনি ভোরের অপেক্ষা পত্রিকার ময়মনসিংহ জেলার নিজস্ব প্রতিবেদক। বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী বয়রা গ্রামে বসবাস করেন তিনি।
সংশ্লিষ্টসূত্রে জানা যায়, আবু বক্কর সিদ্দীক দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদীয় উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. ইসমাইল হোসেনের কাছে যায়। আলোচনার এক পর্যায়ে শিক্ষকের কাছে ২০ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে নেতিবাচক সংবাদ প্রকাশের ভয় দেখায়। শিক্ষক কৌশলে বিভাগের কর্মচারি দ্বারা সিদ্দিককে আটকে রেখে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে বিষয়টি অবগত করে। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়।
এ বিষয়ে দৈনিক ভোরের অপেক্ষা পত্রিকার সম্পাদক মো. শফিকুল বাশার বলেন, আবু বক্কর সিদ্দীক ময়মনসিংহ জেলার নিজস্ব প্রতিবেদক। তাঁর এ ঘটনায় আমরা তার নিয়োগ বাতিল করবো এবং এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ করা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. এ. কে.এম জাকির হোসেন বলেন, তার পিতামহ আব্দুল মান্নান বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেন এবং তার দুই ভাই এই বিশ্ববিদ্যালয়েরই গ্র্যাজুয়েট। আবু বক্কর কিছুটা মানসিক ভারসাম্যহীন। এলাকার গণ্যমাণ্য ব্যক্তি ও পরিবার লিখিত মুচলেকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।

