নিউজিল্যান্ডের বোলিং তাণ্ডবের পরও এগিয়ে দক্ষিণ আফ্রিকা
আন্তর্জাতিক ডেস্ক:
সেঞ্চুরিয়ান টেস্টের তৃতীয় দিনটি বোলারই নিজেদের করে রাখলেন। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বোলারদের দাপটেই শেষ হলো দুই দলের মধ্যকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন। ব্যাটসম্যানদের ব্যর্থতায় দিন শেষে দক্ষিণ আফ্রিকা এগিয়ে আছে ৩৭২ রানে।
প্রথমে দক্ষিণ আফ্রিকার তিন পেসার, পরে নিউজিল্যান্ডের চার পেসার মিলে দেখালেন লাল বলের কারসাজি। সারাদিনে দু’দলের ১৩ উইকেটের পতন হলো। তৃতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকা মাত্র ১০৫ রানেই হারিয়ে বসে আছে ছয় উইকেট। তবু তাদের এগিয়ে রেখেছে প্রথম ইনিংসের বড় লিড।
অসাধারণ নিয়ন্ত্রণ আর আউট সুইংয়ে ডেল স্টেইন যথারীতি ছিলেন চমকে দেওয়ার মতো। ক্যারিয়ার হুমকিতে ফেলে দেওয়া ইনজুরি থেকে ফেরা ভার্নন ফিল্যান্ডার মনে করিয়ে দিলেন কতোটা ধারালো ভাবে ফিরেছেন তিনি। এদের সাথে গতির ঝড় তুললেন কাগিসো রাবাদা।
এই বোলিং লাইন আপের সামনে শুধু লড়াইয়ে টিকে ছিলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। নিজের যোগ্যতা ও দায়িত্ব প্রমান করতে এক বিন্দু পিছ পা হননি। দলীয় সর্বোচ্চ ৭৭ রানে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন তিনি। তার সঙ্গে অনেকটা সময় সঙ্গ দিয়েছেন নেইল ওয়াগনার। ১০ নম্বরে নেমে ৩১ বলে ৩০ রান করেছেন।
নিউজিল্যান্ডকে ফলো অন না করিয়ে আবার ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। ইনিংসের দ্বিতীয় ওভারেই কুইন্টন ডি ককের ব্যাট থেকে আসে টানা চার বাউন্ডারি। পরের ওভারে টানা দুটি ছক্কা ও চার হাঁকিয়ে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের মনোবল নড়বরে করে দেন তিনি। তবে সেই ঝড় সামলে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় ব্ল্যাক ক্যাপস পেসাররা।
স্টিফেন কুককে ফিরিয়ে দিয়ে নিজেদের কাজ শুধু করেন নিউজিল্যান্ডের বোলাররা। কুকের উইকেট নেন ট্রেন্ট বোল্ট। এক ওভারেই হাশিম আমলা ও জেপি ডুমিনিকে ফেরান টিম সাউদি। সুইং বোলিং নিয়ে এই যুদ্ধে যোগ দেন ডওগ ব্রেসওয়েল ও ওয়াগনর। উইকেট তুলে নেন নিয়মিত। ৪২ বলে অর্ধশতক করে বিদায় নেন ডি কক।
নিউজিল্যান্ডের হয়ে দুটি করে উইকেট পান সাউদি এবং বোল্ট। তাদের সাথে থেকে একটি করে উইকেট তুলে নিয়েছেন ব্রেসওয়েল ও ওয়াগনর।

