শাবিতে ছাত্রলীগের সংঘর্ষ: শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

শাবিপ্রবি প্রতিনিধি:
ছাত্রলীগের বিবাদমান গ্রুপের সংঘর্ষের পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় মধ্যে আবাসিক ছাত্র হলগুলো এবং আগামীকাল শুক্রবার দুপুর ১২টার মধ্যে ছাত্রী হলগুলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন শাবির রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন।

ছাত্রলীগের সংঘাতের পর অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলার জন্য আজ বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে এ নির্দেশ দেওয়া হয় বলে বিভিন্ন সূত্রে জানা যায়। সেই সঙ্গে হলগুলোতে হলত্যাগের নোটিশও টানানো হয়েছে।

দ্বিতীয় ছাত্র হল প্রভোস্ট প্রফেসর ড. এস এম হাসান জাকিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে একাডেমিক জরুরি কাজকর্ম ও ৩৬তম বিসিএস লিখিত পরীক্ষা চলছে এসময় কিছু শিক্ষার্থী হলে থাকতে চাচ্ছেন সে বিষয়ে জানতে চাইলে প্রথম ছাত্রী হলের প্রভোস্ট আমিনা বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আজ দুপুর ২টায় মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে যাদের খুব জরুরি কাজ থাকবে তাদের বিষয়টা বিবেচনা করা হবে।

উল্লেখ্য, ফুটবল টুর্নামেন্টের কমিটিকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বাবিদ্যালয়ের (শাবি) ছাত্রলীগের মধ্যে সংষর্ষে গত দুই দিনে কমপক্ষে পাঁচ জন আহত হয়েছে। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

  •  
  •  
  •  
  •