ধর্মের অপব্যাখ্যায় কান দেবেন না : রাবি উপাচার্য
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ইসলাম একটি শান্তির ধর্ম। ইসলাম কখনোই জঙ্গিবাদকে সমর্থন করে না। ইসলাম ধর্ম সম্পর্কে মানুষের মাঝে ভুল ধরণা সৃষ্টি করা হয়েছে। ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভিন্ন অপকর্ম করা হচ্ছে। এ অপব্যাখ্যায় আপনারা কান দেবেন না।
শনিবার বেলা ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জঙ্গিবাদবিরোধী আলোচনা সভায় এ সব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মিজানউদ্দিন । শিক্ষা মন্ত্রণালয়ের আহ্বানে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় রাবি প্রশাসন এ সভার আয়োজন করে।
সভায় তিনি আরো বলেন, ‘গুলসান-শোলাকিয়া হামলার পর স্পষ্ট হয়ে গেছে হামলাকারীরা বিধর্মী-কাফের। তারা শিশু-গর্ভবতী নারীকেও ছাড় দেয়নি। আজ দেশের সাধারণ মানুষ ফুসে উঠেছে। মানুষ এগিয়ে আসছে তাদের ধরিয়ে দিতে। আজ সবার মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এই ডাক দিয়েছে সরকার। আর সন্তানদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করছি কী? শিক্ষকের দায়িত্বে অবহেলা করছি নাতো? এ বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে।’
সভায় উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, ‘বহু বাধা পেরিয়ে বাংলাদেশ আজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়িয়েছে। ঠিক সেই সময় এই অগ্রগতিকে রুখে দিতে একটি কুচক্রি মহল জঙ্গিবাদের সৃষ্টি করেছে। শিক্ষক অভিভাবকদের আহ্বান জানাচ্ছি যার যার স্থান থেকে সচেতন থাকতে। এ জঙ্গিবাদকে রুখে দিতে।’
জঙ্গিবিরোধী কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ। সমাবেশে ইসলামের দৃষ্টিতে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রসঙ্গে আলোচনা তুলে ধরেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহা. বারকুল্লাহ বিন-দূর। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. মিজানুর রহমান কর্মসূচিটি সমন্বয় করেন। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

