শিক্ষক দিবসে ক্লাস নিলেন ভারতের রাষ্ট্রপতি
আন্তর্জাতিক ডেস্ক:
সোমবার শিক্ষক দিবস উপলক্ষে একঝাঁক স্কুল পড়ুয়াদের বিশেষ ক্লাস নিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷
সকাল সাড়ে দশটায় রাষ্ট্রপতি ভবনে ক্লাস নেন তিনি৷ ভিন্ন জাতী ও ধর্মের মানুষ থাকা স্বত্বেও ভারত যে একক শাসনের দেশ সে কথাই পড়ুয়াদের বোঝালেন ‘প্রণব স্যার’ ৷
যুক্তরাষ্ট্রীয় গণতন্ত্রের বেশ কিছু দিক ও তার দর্শন রয়েছে ৷ সোমবারের বিশেষ ক্লাস চলাকালীন সেই প্রসঙ্গটিও তুলে ধরেন রাষ্ট্রপতি৷ দেশের সংবিধান অনুযায়ী প্রত্যেকটি রাজ্যে পাঁচ বছর অন্তর বিধানসভা ও দেশে লোকসভা নির্বাচন হয়৷ কোনও কোনও ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম হয়েছে, উপস্থিত সকল ছাত্র-ছাত্রীদের বলেন তিনি৷ এদিকে নির্বাচনের জন্য প্রয়োজন একাধিক রাজনৈতিক দল৷ স্বাধীনতার পর থেকে দেশে একাধিক রাজনৈতিক দলের উত্থান নিয়েও বিশেষ ক্লাসে বক্তব্য রাখেন প্রণব স্যার ৷
রাজনীতিতে আশার আগে প্রণব মুখার্জী নিজেও একজন শিক্ষক ছিলেন ৷ দীর্ঘদিন ধরে বাংলার এক কলেজে অধ্যাপনা করেছেন তিনি ৷ এদিন সেই কথাও সকল পড়ুয়াকে বলেন রাষ্ট্রপতি ৷ পাশাপাশি, একজন ছাত্র বা ছাত্রীর জীবনে একজন শিক্ষকের গুরুত্ব যে কতটা সেই কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি৷
সোমবারের বিশেষ ক্লাসে উপস্থিত ছিল দিল্লির রাজেন্দ্র প্রসাদ সর্বদয়া বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর মোট ৮০ জন পড়ুয়া৷ সমস্ত অনুষ্ঠানটি দূরদর্শনে সম্প্রচারিত হয়৷ গতবছরও শিক্ষক দিবসে এই একই স্কুলের পড়ুয়াদের বিশেষ ক্লাস নিয়েছিলেন রাষ্ট্রপতি ৷

