পদ্মায় গোসল করতে গিয়ে দুই ঢাবির শিক্ষার্থীর মৃত্যু
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:
ঢাকার দোহারের মৈনটঘাটে পদ্মা নদীতে ডুবে আবরার তাজুয়ার নির্ঝর (১৮) ও আহমেদ হাসান (২০) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের মৃত্যু হয়েছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। পরবর্তীতে বিকাল সোয়া পাঁচটায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মৃতদেহ উদ্ধার করে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সিরাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি শেখ সিরাজুল বলেন, ‘তারা কয়েকবন্ধু মিলে দোহারের মৈনটঘাটে রিজার্ভ বাসে চেপে বেড়াতে এসেছিল। এদের মধ্যে ৫ জন মেয়ে ও ৯ জন ছেলে ছিল। তারা বৃষ্টির ভেতর নদীর পাড়ে বসে খেলাধুলা করছিল। এ সময় কয়েকজন পদ্মার নদীর পানিতে নামে। কিন্তু সাঁতার না জানায় পদ্মার তীব্র স্রোতে দুজন ভেসে যায়। তাদের বাঁচাতে সহপাঠীরা চেষ্টা করলেও কেউ সাঁতার না জানায় তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। এলাকাটিতে জনবসতি না থাকায় আশপাশ থেকে কোনও সাহায্যও পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই দুই ছাত্রের মৃতদেহ উদ্ধার করে।’
ওসি আরও বলেন, খবর পেয়ে নিহতের পরিবার ও স্বজনরা এসে লাশ দুটি নিয়ে যায়। তাদের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে মরদেহ দুটি বুঝিয়ে দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দুই শিক্ষার্থীর একজনের বাসা ধানমণ্ডি ও অপরজনের উত্তরায়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা আতিকুর রহমান জানান, ‘খবর পেয়ে বিকাল পাঁচটা ১০ মিনিটে আমাদের ডুবুরি দল পদ্মা নদীতে তল্লাশি চালিয়ে লাশ দুটি উদ্ধার করে।’

