শীতার্তদের পাশে হাবিপ্রবির ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা
হাবিপ্রবি প্রতিনিধি:
ষড় ঋতুর দেশ আমাদের প্রিয় বাংলাদেশ। প্রকৃতির ঋতু পরিক্রমায় এখন শীতকাল। ইতোমধ্যে হাড় কাঁপানো শীতে কাঁপন শুরু হয়েছে। কাঁপন শুরু হবেই না বা কেন? এ যে দিনাজপুরের শীত। বাস্তবতা হচ্ছে দেশজুড়ে এখন শীতের আগমনী হাওয়া বইছে। ভৌগলিক অবস্থানের কারনে দিনাজপুরে শীত একটু আগেই শুরু হয়। প্রতি বছরে ন্যায় এবারও শীতার্তদের দুঃখ-দুর্দশা একটু হলেও কমিয়ে এনে তাদের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্ট এসোসিয়েশন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
বৃহ:স্পতিবার বিকাল ৪টায় তারা দিনাজপুর সদরের “ভবানীপুর ইসলাম গাজী ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায়” ৬১ জন শিশুর মাঝে প্রায় ৬২টি কম্বল বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন অনুষদীয় শিক্ষক ডাঃ সাজেদুর রহমান, ডাঃ মাহমুদুল হাসান, ডাঃ ছোগরা বানু জুলি, ডাঃ খাদিজা সহ অন্যান্য শিক্ষার্থীরা।
এ সময় তাদের যাতায়াতের জন্য পরিবহনের ব্যবস্থা করে সহায়তা করেন ডাঃ মোঃ ফজলুল হক। কম্বল বিতরন শেষে বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ রিফাত হায়দার কম্বল বিতরনে সহযোগিতা করায় দাতা এবং উপস্থিত শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

