দেশে জনপ্রিয় হয়ে উঠছে ভিনদেশী টার্কি পালন (ভিডিও)

নরসিংদী প্রতিনিধি:
উত্তর আমেরিকায় টার্কি প্রথম পালন শুরু হলেও বর্তমানে ইউরোপসহ বিশ্বের অনেক দেশেই কমবেশি পালন করতে দেখা যায়। বাংলাদেশে বড় আকারের এ মুরগি পালনের তেমন প্রচলন নেই। তবে বেশ কয়েক বছর ধরে নরসিংদীর ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকার অনেকেই টার্কি মুরগি পালনের দিকে ঝুঁকছে। দেশের মাংসের চাহিদা পূরণে গরু, ছাগল, ব্রয়লার ও লেয়ার মুরগি, হাঁস কিংবা কোয়েলের পাশাপাশি টার্কি মুরগিও সম্ভাবনাময় বলে মনে করেন সংশ্লিষ্টরা।

নরসিংদীর ঘোড়াশালের পাইকসা এলাকার টার্কি খামারি বাছেদ মিয়া আগে মুরগি পালন করতেন। শখের বশে তিনি ১৯৯৯ সালে সিলেট থেকে মাত্র চারটি টার্কির বাচ্চা সংগ্রহ করে পালন শুরু করেন। পরে টার্কির ডিম দিয়ে দেশী মুরগির মাধ্যমে বাচ্চা সংগ্রহ করেন। এখন তার তিনটি খামারে চার শতাধিক টার্কি মুরগি আছে। তার কাছে থেকে টার্কির বাচ্চা নিয়ে সফল হয়েছেন আশপাশের ২৫-৩০টি পরিবার। তারা বাড়িতে ছোট আকারেই করছেন টার্কির খামার।

পলাশ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহ জামান খান বলেন, বিশ্বের বিভিন্ন দেশে টার্কির মাংস বেশ জনপ্রিয়। এর মাংসে বেশি প্রোটিন, চর্বি কম ও আন্যান্য পাখির চেয়ে বেশি পুষ্টিকর। পশ্চিমা দেশগুলোয় টার্কি খুব জনপ্রিয়। সবচেয়ে বেশি টার্কি পালন হয় মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও পোল্যান্ডে। বাংলাদেশেও এখন ব্যক্তিগত উদ্যোগে টার্কি পালন শুরু হয়েছে।

টার্কির রোগবালাইয়ের বিষয়ে তিনি বলেন, এ মুরগির বড় ধরনের কোনো রোগ দেখা না দিলেও পক্স, সালমোনেলোসিস, কলেরা ও এভিয়ান ইনফ্লুয়েঞ্জা দেখা দিতে পারে। পরিবেশ ও খামার অব্যবস্থাপনার কারণে এসব রোগ সংক্রমণ হতে পারে। তবে নিয়মিত টিকা দেয়া হলে এসব এড়ানো সম্ভব।

টার্কি মুরগি পালনের অর্থনৈতিক গুরুত্বের বিষয়ে বাছেদ মিয়া জানান, ব্রয়লার বা লেয়ার ও হাঁস পালনের চেয়ে টার্কি মুরগিতে আর্থিক লাভ বেশি হয়। একটি টার্কি মুরগি বছরে ৮০ থেকে ১০০টি ডিম দেয়। ২৮-৩০ দিনেই এ ডিম ফুটে বাচ্চা জন্ম হয়। একটি টার্কি মুরগির চার মাস বয়স হলেই গড় ওজন দাঁড়ায় সাত-আট কেজি। তিন-চার মাস বয়সে একটি টার্কি মুরগি মাংসের জন্য বিক্রি উপযোগী হয়ে ওঠে। খোলা বা আবদ্ধ উভয়ভাবেই টার্কি মুরগি পালন করা যায়।

তিনি আরো জানান, প্রতি কেজি ৪০০-৫০০ টাকায় বিক্রি করলে একটি টার্কি বিক্রি করা যায় দু-আড়াই হাজার টাকায়। আর এটি বিক্রয়যোগ্য করতে সর্বোচ্চ খরচ হয় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা।

টার্কি পালনের বিস্তারিত দেখুন ভিডিওতে…..

  •  
  •  
  •  
  •