পরিবর্তন আসছে ব্যালন ডি’অর পুরস্কারে

স্পোর্টস ডেস্ক:
ব্যালন ডি’অর পুরস্কারটি প্রথমে ইউরোপের বর্ষসেরা ফুটবলারকে দিত ফরাসি ফুটবল পত্রিকা ফ্রান্স ফুটবল। তবে মাঝখানে তাদের সঙ্গে সংযুক্ত হয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তখন এটি ‘ফিফা ব্যালন ডি’অর’ নামেই পরিচিত ছিল। কিন্তু এখন ফিফার সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে ফরাসি পত্রিকাটির। তাই আবার আগেই নিয়মেই ফিরে যাচ্ছে ব্যালন ডি’অর পুরস্কার দেওয়ার প্রক্রিয়াটি।

ফ্রান্স ফুটবল পত্রিকাটি এরই মধ্যে ব্যালন ডি’অরে বেশ কিছু নিয়মে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে।

পুরস্কারটির জন্য ফুটবলার বাছাই পদ্ধতি আগের নিয়মে হবে এখন থেকে। অর্থাৎ আন্তর্জাতিক সাংবাদিকদের একটি দল বাছাই করবে সেরা খেলোয়াড়। অপরদিকে ফিফা সদস্য দেশগুলোর জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও কোচের ভোট দেওয়ার বিষয়টি উঠে যাচ্ছে।

এ ছাড়া সবশেষ তিনজন খেলোয়াড়ের কোনো তালিকা ঘোষণা করা হবে না। ৩০ জন খেলোয়াড়ের মধ্যে থেকেই নির্বাচিত করা হবে সেরা ফুটবলারকে। যা আগে একটি ২৩ জনের প্রাথমিক তালিকা প্রকাশ করা হতো। আর পরে তিনজনের একটি সংক্ষিপ্ত তালিকা থেকেই ঘোষণা করা হতো ব্যালন ডি’অর বিজয়ীর নাম।

গত ছয় বছরে ফিফা সাধারণত বছরের শুরুর দিকেই পুরস্কারটি প্রদানের আয়োজন করত। তবে এখন থেকে বছরের শেষেই এ পুরস্কারটি দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স ফুটবল।

প্রসঙ্গত, ১৯৫৬ সালে প্রথম ব্যালন ডি’অর পুরস্কার দেওয়ার প্রচলন শুরু হয়। সাংবাদিকদের ভোটে নির্বাচিত করা হতো ব্যালন ডি’অর জয়ীকে। আর ফিফা ১৯৯১ সালে ‘ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার’ পুরস্কারটির প্রচলন করে। পরে ফিফার সঙ্গে ফ্রান্স পত্রিকা একত্রে চুক্তিবদ্ধ হয়ে দুটি পুরস্কার এক হয়ে যায়।

  •  
  •  
  •  
  •  

Tags: