মিশরীয় উপকূলে নৌকাডুবিতে ব্যপক প্রাণহানী; ১৬২ শরণার্থীর লাশ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক:
দুই দিন আগে মিশরীয় উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকাডুবে যাওয়ার পর এখন পর্যন্ত ১৬২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ১৬৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
উদ্ধারকৃতরা জানিয়েছেন, গত বুধবার ইউরোপে প্রবেশের উদ্দেশ্যে বন্দর নগরী রোসেটা থেকে প্রায় ৬০০ যাত্রী নিয়ে রওয়ানা হয় নৌকাটি। ১২ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর নৌকাটি ডুবে যায়। যাত্রীদের বেশিরভাগই ছিলেন মিশরীয় নাগরিক। এছাড়া সিরিয়া, সুদান, ইথিওপিয়া আর সোমালিয়ার বেশ কয়েকজন নাগরিকও নৌকাটিতে ছিলেন।
উদ্ধারকৃতরা অভিযোগ করেছেন পর্যাপ্ত লাইফ জ্যাকেট না থাকা সত্ত্বেও নৌকায় অতিরিক্ত মানুষ ওঠানো হয়। এ ঘটনায় মানবপাচারকারী দলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে।
এদিকে মানবাধিকার গবেষকেরা গেল মাসে জানিয়েছিল, ২০১৫ সাল থেকে চলতি বছরের মাঝামাঝি সময় পর্যন্ত ৬ হাজার ৬০০ অভিবাসনপ্রত্যাশী ভূমধ্যসাগরে ডুবে মারা গেছেন। তবে তথ্যের ঘাটতির কারণে এই পরিসংখ্যানেও প্রকৃতচিত্র প্রতিফলিত হয়নি বলেও মনে করছেন তারা। নিহতের সংখ্যা আরও বেশি হবে বলেই তাদের ধারণা।

