বিরল রেকর্ডের দ্বারপ্রান্তে সাকিব!
ক্রিড়া প্রতিবেদক:
বাংলাদেশ ক্রিকেটের বিরল এক রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রোববার থেকে শুরু হওয়া আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আর মাত্র একটি উইকেট পেলেই তিন ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী বনে যাবেন তিনি। এর আগে কোনো বাংলাদেশি বোলারই এই কীর্তি গড়তে পারেননি।
ওয়ানডেতে আর একটি উইকেট পেলে সাকিব ছুঁয়ে ফেলবেন বর্তমানে এই ফরম্যাটে শীর্ষে থাকা আরেক বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাককে। আর দু’টি উইকেট পেলে রাজ্জাককে ছাড়িয়ে চূড়ায় উঠে যাবেন সাকিব। ওয়ানডেতে সাকিবের উইকেটের সংখ্যা এখন ২০৬টি। রাজ্জাকের উইকেট ২০৭টি।
প্রায় দশ মাস পর আবারও ওয়ানডে ফরম্যাটে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে রোববার আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। আর এই সিরিজেই সাকিবের সুযোগ ওয়ানডের শীর্ষে ওঠার।
এরই মধ্যে টেস্ট ও টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে আছেন সাকিব। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার টেস্টে ১৪৭ উইকেট পেয়েছেন। এ মুহূর্তে তার ধারে কাছেও নেই বাংলাদেশের কোনো খেলোয়াড়। দ্বিতীয় সর্বোচ্চোর মালিক ২০০৮ সালে অবসরে যাওয়া মোহাম্মদ রফিক। তার উইকেট সংখ্যা ১০০। এরপর রয়েছেন মাশরাফি বিন মুর্তজা ৭৮ উইকেট নিয়ে। ২০০৯ সালে সর্বশেষ টেস্ট খেলা মাশরাফির আর টেস্টে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে।
টি-টোয়েন্টিতে সাকিবের আছে ৬৫ উইকেট। এখানে অবশ্য পেছনে ফেলেছেন আব্দুর রাজ্জাককে। আব্দুর রাজ্জাক টি-টোয়েন্টিতে নিয়েছেন ৪৪ উইকেট। এরপর রয়েছেন আল-আমিন হোসেন (৩৯ উইকেট), মাশরাফি বিন মুর্তজা (৩৮ উইকেট) ও মুস্তাফিজুর রহমান (২২ উইকেট)।
তবে টেস্টে না ফেরার সম্ভাবনা ও টি-টোয়েন্টিতে সাকিবের থেকে অনেকটা পিছিয়ে থাকলেও ওয়ানডেতে সাকিবের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন অধিনায়ক মাশরাফি। ওয়ানডেতে নড়াইল এক্সপ্রেসের উইকেট ২০৩টি। সাকিবকে ছুঁতে মাশরাফির প্রয়োজন মাত্র তিন উইকেট। আর শীর্ষে উঠতে মাশরাফির প্রয়োজন পাঁচ উইকেট। ক্যারিয়ার শেষ হতে হতে তাদের দুজনের যে লড়াই হবে, তা বলার অপেক্ষা রাখে না।

