কোস্টগার্ডের সাবেক ডিজিকে গ্রেফতার করেছে দুদক

নিজস্ব প্রতিনিধি:
অবৈধভাবে কোস্টগার্ডের প্রায় সাড়ে সাত কোটি টাকার গম বিক্রি করে আত্মসাতের অভিযোগে বাহিনীর সাবেক মহাপরিচালক কমোডর (অব.) সফিক-উর-রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মহাখালীর নিউ ডিওএইচএসের বাসা থেকে দুদকের পরিচালক এনামুল বাছিরের নেতৃত্বে সফিক-উর রহমানকে গ্রেফতার করে রমনা থানা-হেফাজতে রাখা হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

রমনা থানার ওসি মশিউর রহমান জানান, বুধবার রাতে সফিক-উর-রহমানকে গ্রেফতার করে রমনা থানায় আনে দুদকের একটি দল। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাকে আদালতে নেয়া হবে।

উল্লেখ্য, কোস্টগার্ডের প্রায় ১১ হাজার ১০০ মেট্রিক টন গম দুর্নীতির মাধ্যমে বিক্রি করে প্রায় সাড়ে সাত কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১৯৯৮ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো সফিক-উর-রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে। রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করা হয়।

  •  
  •  
  •  
  •