সড়ক দুর্ঘটনায় চবি ছাত্রলীগ নেতা নিহত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রাসেল নিহত হয়েছেন।

সোমবার বেলা পৌনে ১টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে মারা যান তিনি।

নিহত রাসেল বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়েরমেন্টাল সায়েন্স বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সোমবার সকালে রাসেল মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর দাগনভূঞা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসাপাতালে আনা হয়। পরে বেলা পৌনে ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

  •  
  •  
  •  
  •