লিবিয়া উপকুল থেকে একদিনে ৬ হাজার অভিবাসী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক:
লিবিয়া উপকূলে সোমবার ৩৯টি নৌকা থেকে ৬ হাজার অভিবাসীকে উদ্ধার করেছে ইতালিয়ান কোস্টগার্ড। তারা ইউরোপ পৌঁছানোর চেষ্টা করছিলেন।

দেশটির কোস্টগার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একদিনে সবচেয়ে বেশি জীবিত অভিবাসী উদ্ধার করার রেকর্ড। সংস্থাটি জানিয়েছে ৩২টি রাবারের নৌকা, পাঁচটি নৌকা ও দুটি ছোট নৌকায় প্রায় ৬ হাজার ৫৫ জনকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে একটি ডিঙিতেই ৭২৫ জন অভিবাসী ছিলেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মতে চলতি বছরেই প্রায় ১ লাখ ৩২ হাজার অভিবাসী ইতালিতে আশ্রয় নিয়েছে। আসার পথে পানিতে ডুবে মারা গেছেন ৩ হাজার ৫৪ জন। মূলত আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ থেকেই পালিয়ে আসেন এসব অভিবাসীরা।

তিন বছর আগে ইতালিয়ান দ্বীপ লামপেদুসা উপকূলে এক নৌকাডুবিতে ৩৬৬ জন অভিবাসী মারা যাওয়ার ঘটনায় নড়েচড়ে বসে পুরো বিশ্ব। এরপর অভিবাসীদের উদ্ধার কার্যক্রম শুরু হয়।

ইতালির কোস্ট গার্ড জানায়, অভিবাসীদের মাঝে এক সন্তানসম্ভবা নারী ও শিশুকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হয়েছে। উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে অপ্রাপ্তবয়স্কদের অধিকাংশই সঙ্গীহীন ছিলেন।

সোমবার অন্যদিনের তুলনায় সমুদ্র কিছুটা কম উত্তাল ছিল। এ সুযোগে পাচারকারীরা অনেকগুলো নৌকায় অভিবাসীদের নিয়ে রওনা দেয়।

  •  
  •  
  •  
  •  

Tags: