গাইবান্ধায় বাল্যবিয়ে প্রতিরোধে একযোগে লাখো কণ্ঠে শপথ

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা জেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করার লক্ষ্যে জেলা সদরসহ সাত উপজেলার ৮২ ইউনিয়নে একযোগে লাখো কণ্ঠে শপথ পাঠ, সচেতনতামূলক মানববন্ধন ও পঞ্চাশ হাজার প্রচারপত্র বিতরণ কর্মসূচী পালিত হয়েছে।

গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কর্মসূচির উদ্ধোধন ঘোষণা করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ।

এসময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শামস্-উল আলম হিরু, পুলিশ সুপার আশরাফুল ইসলাম (বিপিএম), সদর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল মমিন খাঁন, পৌর মেয়র শাহ মাসুদ মো. জাহাঙ্গীর করিব মিলনসহ জেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সচেতনতামূলক মানববন্ধন চলাকালে একযোগে জেলায় প্রায় ৪ লাখের বেশি মানুষ ব্যাল্যবিয়ে প্রতিরোধে নিজ অবস্থান থেকে শপথবাক্য পাঠ করেন। জেলা প্রশাসনের কর্মসূচীর সঙ্গে সামঞ্জস্য রেখে একই সময়ে জেলার সকল উপজেলা প্রশাসন, ৮২ ইউনিয়ন পরিষদ ও সকল শিক্ষা প্রতিষ্ঠান এ কর্মসূচী পালন করে।

এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধিমহল, বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান, এনজিও এবং ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

মানববন্ধন ও শপথ বাক্য পাঠের পর এফিডেভিটের মাধ্যমে বাল্যবিয়ে নিষিদ্ধ আইন মন্ত্রনালয়ের আদেশের পঞ্চাশ হাজার জনসচেতনতামূলক প্রচারপত্র জেলা প্রশাসক কার্যালয়, বাস টার্মিনাল, ষ্টেশন রোড়, পৌর পার্কসহ সাত উপজেলাসহ ৮২ ইউনিয়নের গুরুত্বপূর্ণ জায়গায় বিতরণ করা হয়।

উল্লেখ্য- আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে গাইবান্ধা জেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণার লক্ষ্যে জেলা প্রশাসক এ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করে।

  •  
  •  
  •  
  •