ফেয়ার অ্যান্ড লাভলী ম্যান চ্যানেল আই হিরো ‘বাঁধন’
বিনোদন ডেস্ক:
শেষ পর্যন্ত সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা করা হলো সেই এক নাম, ফেয়ার অ্যান্ড লাভলী ম্যান চ্যানেল আই হিরো পাওয়ার্ড বাই বাংলাদেশ আর্মি-এর প্রথম হিরো বাঁধন। এবার বিজয়ী তিনিই। সাভারের এই বাঁধন কুমার সাহা অসংখ্য প্রতিযোগীকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হলেন। আর প্রথম রানার আপ হয়েছেন কিশোরগঞ্জের শাহরিয়ার হাসান পুষন এবং দ্বিতীয় রানার আপ সেই কিশোরগঞ্জেরই তন্ময় ঘোষ।
শুধু দর্শনধারী নয়, সেরা পাঁচের চৌকস বুদ্ধি আর মেধার সমন্বয়ে বিচারকরা ছেঁকে আনেন এ বিজয়ীদেরকে।
অনেকরকম প্রতিযোগিতার মাধ্যমে প্রথমে বাছাই করা হয় সেরা ১৫ জনকে। পরে সেখান থেকে পাঁচে আসেন— বাঁধন, নীল, তন্ময়, পুষন ও সজীব। যারা নিজেদের প্রমাণ করে নিয়ে গেছে এই অন্য উচ্চতায়। এই পাঁচজনকে নিয়েই হয় গ্র্যান্ড ফিনালে। এর প্রধান বিচারক হিসেবে ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ এবং অভিনেত্রী তানিয়া আহমেদ ও অভিনেতা ফেরদৌস।
গতকাল গ্র্যান্ড ফিনালের চমক ছিল গোটা আয়োজন জুড়েই। ঝলক ছিল সেরা পাঁচের মনোমুগ্ধকর পারফর্ম্যান্সেও।
ফেয়ার এ্যান্ড লাভলী মেন-চ্যানেল আই হিরো পাওয়ার্ড বাই বাংলাদেশ আর্মি রিয়েলিটি শো’র বিজয়ীরা আগামী এক বছরের জন্যে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ও নাটকে চুক্তিবদ্ধ হওয়া ছাড়াও তাদের জন্য বেশকিছু অর্জনও ছিলো উপহারের ঝুড়িতে। চ্যাম্পিয়ান বাঁধন পেয়েছেন একটি মিতসুবিশি গাড়ি ও একটি চলচ্চিত্রে অভিনয়ের সুযোগসহ অনেক সুবিধা।


