পুরান ঢাকার কাপ্তানবাজারে জমজমাট কবুতরের হাট (ভিডিও)
নিজস্ব প্রতিবেদক:
মানুষের শখের শেষ নেই। দেশের বিভিন্ন প্রান্তে এমন অনেক শৌখিন মানুষ রয়েছেন যাদের একমাত্র শখ কবুতর পোষা। আর এ পোষা পাখিটি নিয়ে তাদের ভেতর উন্মাদনার কোন কমতি নেই। প্রাচীন কাল থেকেই এ দেশের বিভিন্ন স্থানে কবুতর উড়ানোর প্রতিযোগিতা হতো যা আজও প্রচলিত আছে রাজধানীর বিভিন্ন এলাকায়।
পুরান ঢাকার বিভিন্ন বাড়ির ছাদে ছাদে কবুতর পালন করা রীতিমত একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। আর এ ঐতিহ্যকে ধারণ করে প্রতিবছরই এ এলাকায় কবুতর ওড়ানোর প্রতিযোগিতা হয়। স্থানীয়রা একে বলে কবুতরের রেস। প্রত্যেক প্রতিযোগী নির্দিষ্ট পরিমাণে কবুতর নিজ বাড়ি থেকে প্রায় ৪০-৪৫ কিলোমিটার দূরবর্তী স্থানে নিয়ে একসঙ্গে ছেড়ে দেয়। যার সবচেয়ে বেশি কবুতর বাড়ি ফিরে আসতে পারে, সেই বিজয়ী হয়। প্রতিবছর এ রকম ৩-৪ টা প্রতিযোগিতা হয় পুরান ঢাকায়।
শুধু তাই নয় এ এলাকার ফরিদাবাদে কবুতর পালনকারীদের নিয়ে গড়ে তোলা হয়েছে ফরিদাবাদ পিজিয়ন ক্লাব। বর্তমানে যার সদস্য সংখ্যা ৭৭ জন। পুরান ঢাকায় কবুতর প্রেমীদের এমন উম্মাদনা নিত্যনৈমিত্তিক একটা ব্যাপার। প্রতি শুক্রবার রাজধানীর কাপ্তান বাজারে এমন শৌখিন কবুতরপ্রেমীদের ঢল নামে।
প্রতি শুক্রবার সকাল ৮টায় গুলিস্তান ফ্লাইওভারের পাশের এ বাজারে বিশাল কবুতরের হাট বসে যা বিকাল ৫টা পর্যন্ত চলে। রং-বেরঙের কবুতর আর খাঁচা নিয়ে বসেন শতাধিক বিক্রেতা। হাটে ঢুকতেই দেখা যায় সারি সারি সাজানো খাঁচার ভেতর রং-বেরঙের কবুতর।
স্থানীয় কবুতর ব্যবসায়ী নান্টু মিয়া জানান, এখানে ঢাকার ভেতর থেকে সবচেয়ে বেশি কবুতর আসে পুরান ঢাকা থেকে। এছাড়া ঢাকার বাইরে পাবনা, ফরিদপুর, নওগাঁ, গাজীপুর ও কুমিল্লা থেকে বেশি কবুতর আসে। সারাদেশের শৌখিন কবুতর এই বাজারে আসে। আবার এখান থেকে কবুতর চলে যায় দেশের নানা প্রান্তে।
কবুতরের দাম সম্পর্কে এ ব্যবসায়ী জানান, যারা শখের বশে কবুতর পালন করে তারা দামের দিকে লক্ষ করে না। পছন্দ হলেই কিনে নিয়ে যায়। প্রত্যেক কবুতরে রয়েছে রঙ তথা প্রজাতিভেদে দামে পার্থক্য। সিরাজি লাল ৬ হাজার, সিরাজি কালো ৪ হাজার ৫০০, সিরাজি হলুদ ৫ হাজার ৫০০, সিরাজি সিলভার ৮ হাজার টাকা। কিং কবুতরের মধ্যে লাল কিং ৭ হাজার, সাদা কিং ৭ হাজার ও হলুদ কিং ১০ হাজার থেকে ১২ হাজার টাকা। ফিলব্যাক কবুতরে রয়েছে তিনটি প্রজাতি সাদা ফিলব্যাকের দাম ২০ হাজার, কালো ৮ হাজার টাকা আর হলুদ ফিলব্যাকের দাম ৩৫ হাজার টাকা। ভুটান নামেও রয়েছে কবুতরের নাম। হলুদ ভুটান কবুতরের দাম ৫ হাজার, কালো ৪ হাজার আর লাল টান কবুতর ৫ হাজার টাকা জোড়া। মুখী বৈশিষ্টের কবুতরের মধ্যে সবচেয়ে বেশি দাম হলুদ মুখীর, যার দাম ৭০ হাজার টাকা জোড়া। এ ছাড়া ব্ল্যাকমুখী ৫ হাজার আর চকোলেটমুখী ১০ হাজার টাকা জোড়া। এ ছাড়া অন্যান্য কবুতরের মধ্যে কালো নান ৬ হাজার, হলুদ ২০ হাজার, হলুদ রেন ৮ হাজার, বোখারা সাদা ১৫ হাজার, কালো ৭ হাজার, স্ট্রেচার লাল ৮-১০ হাজার টাকা জোড়া।
অন্যদিকে ব্যবসায়ী জাকির হোসেন জানান, বাজারে সবচেয়ে বেশি দেখা যায় গিরিবাজ কবুতর। এ কবুতরের প্রায় ৫০ ধরনের জাত রয়েছে। তবে, সবচেয়ে ভালো সবুজ গলা ও লাল গলা গিরিবাজ। এরা আকাশে অনেক ধরনের খেলা দেখাতে পারে। কবুতরপ্রেমী থেকে শুরু করে সবাই এই কবুতর খুব পছন্দ করে। এই কবুতরের জোড়ার দাম ১ হাজার থেকে ৫০ হাজার টাকা। এছাড়াও গিরিবাজ কবুতরের মধ্যে বিরল প্রজাতির কিছু কবুতর রয়েছে, যার একজোড়া কবুতরের দাম ১ থেকে ২ লাখ টাকা।
তিনি জানান, কবুতরের রেসের জন্য সবচেয়ে ভালো কবুতর হচ্ছে গিরিবাজ। এছাড়াও রেসের জন্য বড় আকারের কবুতর কিং বিক্রি হয় ১০ থেকে ২০ হাজার টাকায়, তীক্ষ্ন ও জোরালো ডাকের র্যাগস জাত বিক্রি হয় ১৫ থেকে ২০ হাজার টাকায়, মিহিরবাজ বিক্রি হয় ২০ থেকে ৩০ হাজার টাকায়, ময়ূরী জাত ২ থেকে ৩ হাজার টাকায়, সিরাজী জাত ৩ থেকে ৪ হাজার টাকায়, শাটিং জাত ২ হাজার টাকা জোড়ায় বিক্রি হচ্ছে।
বাজারের সবচেয়ে দামি কবুতর কোনটি জানতে চাইলে জাকির হোসেন জানান, বাজারে সবচেয়ে দামি হোমা জাতের কবুতর। এ জাতের এক জোড়া কবুতরের দাম লাখ টাকারও বেশি। এ কবুতরের বিশেষত্ব হলো এরা অনেক সময় ধরে উড়তে পারে। এছাড়া যত দূর থেকেই এই কবুতরকে ছেড়ে দেওয়া হোক না কেন, নির্দিষ্ট জায়গায় ফিরে আসবেই।
এছাড়াও এ বাজারকে কেন্দ্র করে চলছে কবুতর পোষার সামগ্রী বিক্রি। কবুতর পোষার বাঁশের খাঁচা পাওয়া যাচ্ছে ৫০০-৩ হাজার ৫০০ টাকার মধ্যে। আর স্টিলের ছোট খাঁচা ১৫০-৫০০ টাকার মধ্যে। এ ছাড়া নানা দামে বিক্রি হচ্ছে কবুতরের খাবার, খাবার দেওয়ার সামগ্রী, ডিম দেওয়ার জন্য পাত্রসহ অনেক কিছু।
কাপ্তান বাজার হাটে কবুতর কিনতে আসা সুত্রাপুরের মামুনের সাথে কথা হলো । তিনি জানালেন, আমি ১০ বছর বয়স থেকে কবুতর পালন করি। আমার বাসার ছাঁদে গিরিবাজ, র্যাগস, সিরাজি, ফিলব্যাক সহ বিভিন্ন প্রজাতির প্রায় ৪২ টি কবুতর রয়েছে। এখানে আসি কবুতর কিনতে আবার কখনো নতুন নতুন প্রজাতির কবুতর দেখতে। এছাড়াও কবুতরের বিভিন্ন সামগ্রী কিনতে প্রতি সপ্তাহেই আমার কাপ্তান বাজারে আসতে হয়।
কবুতর কি শুধু শখের বশেই পোষা হয়? এমন প্রশ্নের জবাবে মামুন জানান, না প্রথম প্রথম শখের বশে পোষা শুরু করলেও এখন প্রতিমাসে এই কবুতর থেকেই আমার ২০ থেকে ২৫ হাজার টাকা আয় হয়। কবুতর বাচ্চা দিলে এগুলোকে একটু বড় করেই বাজারে ভালো দামে বিক্রি করি। কখনো কখনো একটু বয়স হয়ে গেছে এমন কবুতর গুলোকে বাচ্চা রেখে বিক্রি করে দেই। এছাড়া কবুতরের বিভিন্ন প্রতিযোগিতা থেকেও কিছু উপরি ইনকাম হয় মাঝে মাঝে।

