বাটলারকে দুঃখিত বলার কিছু নেই: মাশরাফি

ত্রিড়া প্রতিবেদক:

দ্বিতীয় ম্যাচে জয়ের পথে হুমকিই হয়ে উঠেছিলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। তাই তো তাসকিন আহমেদ এলবিডব্লিউর ফাঁদে ফেলে বাটলারকে ফিরিয়ে দেয়ার পর ক্ষেপাটে উপযাপনই করেছে বাংলাদেশ দল। যা ভালোভাবে নিতে পারেননি ইংলিশ অধিনায়ক। মাঠেই বাংলাদেশের ফিল্ডারদের সাথে এক চোট নেন বাটলার। ম্যাচের পর বিষয়টি নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে।

পরে রায়ও বাটলারের পক্ষে গেছে। ওই ঘটনার জন্য বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সাব্বির রহমানকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। এতেও যেন ঠান্ডা হচ্ছে না ইংলিশদের মেজাজ। তৃতীয় ওয়ানডের আগে স্কাই স্পোর্টসের এক ব্রিটিশ সাংবাদিক মাশরাফির কাছে জানতে চাইলেন, ওই ঘটনার জন্য বাটলারের কাছে দুঃখপ্রকাশ বা ক্ষমা চাওয়া উচিত কি না।

কিন্তু ব্যাপারটি আমলেই নেননি বাংলাদেশ অধিনায়ক। আর এখানে সরি বা ক্ষমা চাওয়ার কিছুই দেখছেন না মাশরাফি, ‘সত্যি বলতে আমরা কোনো ভুল করিনি। সরি বলার কিছু নেই। আমরা স্রেফ উদযাপন করেছি। আমাদের দু:প্রকাশ করার কিছু নেই। যা হয়েছে, ম্যাচ রেফারি দেখেছেন। আমি এখনও মনে করি, ছেলেরা স্রেফ উদযাপন করছিলো।’

খেলার মাঠের এমন উদযাপনকে স্বাভাবিকভাবেই নিতে বলছেন মাশরাফি, ‘দেখুন, আমরা ব্যাপারটা এভাবে দেখি যে উইকেট পাওয়ার পর আমরা স্রেফ সেলিব্রেট করছিলাম। এটাকে স্বাভাবিকভাবেই নেয়া উচিত। সব দলই উইকেট পেলে উদযাপন করে। তবে ম্যাচ রেফারি হয়তো ভেবেছে উদযাপনটা কোড অব কন্ডাক্টের বাইরে হয়ে গেছে। কিন্তু আমরা সেটা বোঝাতে চাইনি। তবে যেটা হয়েছে, হয়ে গেছে আমরা কালকের ম্যাচে মন দিচ্ছি।

ওই ব্রিটিশ সাংবাদিকই আবার প্রশ্ন করলেন জরিমানার ব্যাপারটি মেনে নিচ্ছেন কি না? জবাবে মাশরাফি বলছেন, ‘মেনে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প তো নেই!’ তবে ওই ঘটনা দলের ওপর কোনো প্রভাব ফেলতে পারেনি বলে জানালেন বাংলাদেশ অধিনায়ক, ‘আমাদের দল পুরোপুরি স্বাভাবিক আছে। শতভাগ নিশ্চিত যে আমাদের দল ওটা নিয়ে ভাবছেও না। আমরা ভাবছি খেলা কিভাবে ভালো খেলা যায়।’

  •  
  •  
  •  
  •  

Tags: