রাবিতে ভর্তি জালিয়াতকারীকে পুলিশে সোপর্দ করলো ছাত্রলীগ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় চান্স পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এক ভর্তিচ্ছুর শিক্ষার্থীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে এক কলেজ ছাত্রকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা এলাকা থেকে তাকে পুলিশে দেওয়া হয়। আটক রাশেদ নিজেকে নাটোরের নবাব সিরাজউদ্দৌলা (এনএস) কলেজের রসায়ন বিভাগের ছাত্র বলে পরিচয় দেন।

জানা যায়, রাবিতে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৪-২৭ অক্টোবর। ভর্তি পরীক্ষায় যোবায়ের নামের এক ভর্তিচ্ছুকে চান্স পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এক লাখ ২৫ হাজার টাকা দাবি করে রাশেদ। রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জুর মাধ্যমে ওই ভর্তিচ্ছুকে ভর্তি করানো হবে বলে তাকে আশ্বাস দেন রাশেদ। মঙ্গলবার সন্ধ্যায় রাশেদ সেই টাকা নিতে কাজলা বাজারে উপস্থিত হয়। বিষয়টি ভর্তিচ্ছু শিক্ষার্থীর ভাই রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতিকে জানালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাশেদকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, আমার নাম ভাঙিয়ে ভর্তি পরীক্ষায় প্রতারক চক্রের এক সদস্য টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল। জানতে পেরে তাকে পুলিশে সোপর্দ করেছি।

এ ব্যাপারে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, প্রতারণার অভিযোগে আটক রাশেদকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের প্রমান পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  •  
  •  
  •  
  •