বিএসএফের গুলিতে কাশ্মীর সীমান্তে ৭ পাকিস্তানি সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনীর অন্তত সাত সদস্য এবং এক জঙ্গি নিহত হয়েছেন।
জম্মু-কাশ্মীরের কাথুয়া জেলায় আন্তর্জাতিক সীমান্ত রেখায় শুক্রবার এ গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে বিএসএফ।
বিএসএফের দাবি, সকালে হিরানগর সেক্টরে ভারতীয় নিরাপত্তা চৌকি লক্ষ্য করে গুলিবর্ষণ করে পাকিস্তানি সীমান্তরক্ষীরা। জবাবে বিএসএফ গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।
বিএসএফ-র বিবৃতির বরাত দিয়ে এনডিটিভি-র অনলাইন সংস্করণে বলা হয়, বুধবার রাত থেকে বিএসএফ পোস্ট লক্ষ্য করে সীমান্তের ওপার থেকে স্নাইপার রাইফেল দিয়ে গুলি করা হচ্ছিল।
শুক্রবার সকালে কাথুয়া এলাকায় স্নাইপার রাইফেলের গুলিতে বিএসএফ’ এর একজন কনস্টেবল গুরুতর আহত হন। তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে জম্মুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বিএসএফ ওই হামলার ‘যোগ্য জবাব’ দিয়েছে বলেও ওই বিবৃতিতে বলা হয়।
১৮ সেপ্টেম্বর ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদরদপ্তরে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হওয়ার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
ভারতের দাবি পাকিস্তান ভিত্তিক জঙ্গিরাই ওই হামলা চালিয়েছে।
অবশ্য, পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতর গোলগুলির ঘটনা নিশ্চিত করলেও হতাহতের খবর নাকচ করে দিয়েছে।

